২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন নিয়ে উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে ইমরান খান

ইউক্রেইন সংকট নিয়ে রাশিয়া যখন পশ্চিমা বিশ্বের মুখোমুখি; একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে, ঠিক সেই সময়ে দেশটি সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Feb 2022, 12:52 AM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বুধবার ইমরান মস্কোর উদ্দেশ্যে যাত্রা করেন। এবারের সফরে ইমরান খান দীর্ঘদিন ধরে আলোচনা চলতে থাকা কোটি কোটি ডলারের গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ শুরুর করা বিষয়ে আলোচনা করবেন বলে জানান এক কর্মকর্তা।

রুশ কোম্পানির সহযোগিতায় পাকিস্তানের ওই গ্যাস পাইপলাইনের কাজ করার কথা। ইমরান খান দুইদিন মস্কোতে অবস্থান করবেন। তার এ সফর পূর্বনির্ধারিত ছিল। এর মাঝেই ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার যুদ্ধাবস্থা তৈরি হয়।

সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইমরান খানের বৈঠক করার কথা রয়েছে। যদিও রাশিয়া এখন নিজেই নতুন করে নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

ইমরানের রাশিয়া সফরের বিষয়ে পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘‘উভয় দেশ যত দ্রুত সম্ভব ওই (গ্যাস পাইপলাইন) প্রকল্পের কাজ শুরু করতে চায়।”পাকিস্তানের জ্বালানিমন্ত্রী হামাদ আজহার রাশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন বলে নিশ্চিত করে জানান মুখপাত্র।

“নর্থ-সাউথ গ্যাস পাইপলাইন’ নামে পরিচিত ১,১০০ কিলোমিটার দীর্ঘ ওই পাইপলাইনটি মস্কো এবং ইসলামাবাদের যৌথ অর্থায়নে রাশিয়ার একটি কোম্পানি নির্মাণ করবে বলে ২০১৫ সালে প্রাথমিক চুক্তি হয়েছিল।

ওই পাইপলাইন দিয়ে করাচি হয়ে আরব সাগরের উপকূল দিয়ে পাকিস্তানের উত্তরপূর্বের প্রদেশ পাঞ্জাবের পাওয়ার প্ল্যান্টে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার কথা।

রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নতুন নিষেধাজ্ঞায় ‍আবারও প্রকল্পের কাজ আটকে যাবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশটির বিদ্যুৎ উৎপাদন খাতের জন্য।

রাশিয়ার ওপর আগের নিষেধাজ্ঞার কারণেই এই প্রকল্পের কাজ পিছিয়ে গিয়েছিল।

মঙ্গলবার রাশিয়া টুডে কে ইমরান খান বলেন, ‘‘এই নর্থ-সাউথ পাইপলাইন প্রকল্প আগে থেকেই ভুগছে, ভোগান্তির কারণগুলোর একটি হচ্ছে, রাশিয়ার সেসব কোম্পানির সঙ্গে আমাদের আলোচনা চলছে তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

“তাই, প্রধান সমস্যা হচ্ছে এমন একটি কোম্পানি পাওয়া যেটির উপর নিষেধাজ্ঞা নেই।”