ইউক্রেইন-রাশিয়া উত্তেজনা নিয়ে জাতিসংঘ-যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ইউক্রেইন-রাশিয়া উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রও। বিশ্ব ‘বিপজ্জনক ঝুঁকির মুখে’ আছে বলে সতর্ক করেছেন গুতেরেস। ওদিকে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার আগ্রাসন নতুন শরণার্থী সংকট সৃষ্টি করবে।
বিবিসি জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনে ৫০ লাখ মানুষ উদ্বাস্তু হতে পারে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, “রাশিয়া এই পথে এগিয়ে গেলে আমাদের হিসাবমতে, একটি নতুন শরণার্থী সংকট সৃষ্টি হবে। আজ বিশ্ব সবচেয়ে বড় যে সংকটের মুখে আছে তার অন্যতম হবে এই শরণার্থী সংকট।”
রাশিয়া ইউক্রেইনে পূর্ণ আগ্রাসন চালালে বিশ্বে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে বলে বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সদরদপ্তরের ভাষণে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব এবং ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেইন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষণ দিয়ে গুতেরেস বলেন, গুরুতর পরিস্থিতি এড়াতে হলে সংযত হওয়া, উত্তেজনা প্রশমন করা, যুদ্ধবিরতি করা এবং আলোচনার পথে ফিরে আসার সময় এখনই।
তিনি আরও বলেন, আর কোনও রক্তক্ষয় ছাড়া এই সংকট সমাধান করতে তিনি প্রতিশ্রুতিব্ধ। ওদিকে, ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা কূটনীতিকদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেইনে ব্যাপক-মাত্রার যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাবস্থার পরিসমাপ্তি ঘটবে।
ইউক্রেইনের মাটি থেকে রাশিয়াকে সেনা সরিয়ে নেওয়া এবং কূটনীতির পথে থাকার আহ্বান জানিয়ে দিমিত্রো বলেন, “রাশিয়াকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা বন্ধ করতে হবে। আমরা ইউক্রেনীয়রা শান্তি চাই। সব বিষয়ই আমরা কূটনৈতিক পথে সমাধান করতে চাই।”
