২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন ও তাইওয়ান এক বিষয় নয়: চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তাইওয়ান ‘ইউক্রেইন’ নয়। তাইওয়ান বরাবরই চীনের অবিচ্ছেদ্য অংশ। ইউক্রেইনে রাশিয়ার সামরিক তৎপরতার প্রেক্ষাপটে তাইওয়ানের উদ্বেগ এবং সতর্কতার মাত্রা বাড়ানোর উদ্যোগের প্রতিক্রিয়ায় চীন এই বার্তা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Feb 2022, 09:57 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ইউক্রেইনে রাশিয়া হামলা চালালে এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেইনের স্বাধীনতাকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে বিশ্বব্যাপী এর ক্ষতিকর প্রভাব পড়বে, বিশেষ করে ঝুঁকিতে পড়বে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। কারণ, একইভাবে সেখানে আগ্রাসন চালাতে পারে চীন।

বরিস জনসনের এই মন্তব্যের জবাব দিয়ে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার বলেছেন, “ইউক্রেইন এবং তাইওয়ান ইস্যুর মধ্যে কোনও যোগসূত্র নেই। তাইওয়ান ‘ইউক্রেইন’ নয়। তাইওয়ান সবসময় চীনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়েই থেকেছে। এটি অবিসংবাদিত আইনি এবং ঐতিহাসিক সত্য একটি বিষয়।”

স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখন্ডের অংশ মনে করে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম বলেই মনে করে। অন্যদিকে, ইউক্রেইন একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে স্বাধীন হয়ে যায় পূর্ব ইউরোপের এই দেশটি।

তাইওয়ান এবং ইউক্রেইনের মধ্যে মৌলিক কিছু বিষয়ে পার্থক্য থাকলেও ইউক্রেইনে রাশিয়ার সাম্প্রতিক সেনা তৎপরতা তাইওয়ান সমাজের মনোবলের ওপর প্রভাব ফেলবে বলেই মনে করছেন দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসা চীন গত দুবছর ধরে দ্বীপরাষ্ট্রটির আশেপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে। যদিও ইউক্রেইন নিয়ে উত্তেজনা বাড়ার পর চীনা বাহিনীর লক্ষ্যণীয় কোনও কর্মকাণ্ডের খবর তাইওয়ান এখনও দেয়নি।

তারপরও উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সামরিক কর্র্মকাণ্ডের ওপর সতর্কতা বাড়াতে বলেছেন।

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক সভায় প্রেসিডেন্ট ওয়েন সব নিরাপত্তা এবং সামরিক ইউনিটকে তাইওয়ান প্রণালীর আশেপাশে সামরিক তৎপরতার ওপর নজরদারি এবং আগাম সতর্কতা বাড়ানোর নির্দেশ দেন।