২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডনবাসকে স্বীকৃতির আগে ইউক্রেইন নিয়ে ক্ষোভ উগরে দেন পুতিন

পশ্চিমা দেশগুলোর হুঁশিয়ারি অগ্রাহ্য করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেইনের দুটি অঞ্চলকে নতুন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 05:30 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

এ ধরনের পদক্ষেপ অবৈধ হবে এবং শান্তি আলোচনার পথ পুরোপুরি রূদ্ধ করে দিতে পারে বলে পশ্চিমারা অনেকদিন ধরেই সতর্ক করে আসছিল।

সোমবার পুতিন দোনেস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করার আগে টেলিভিশনে প্রায় ঘণ্টাখানেক ধরে দেওয়া এক ভাষণে ইউক্রেইনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভও উগরে দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, নব্য-নাৎসিরা বাড়ছে, দৌরাত্ম বেড়েছে মাফিয়াদেরও।

তিনি ইউক্রেইনকে যুক্তরাষ্ট্রের উপনিবেশ অ্যাখ্যা দেন, দেশটি পুতুল সরকার শাসন করছে বলে মন্তব্যও করেন।

পুতিন বলেন, ইউক্রেইন এমন একটি দেশ যার স্বাধীন রাষ্ট্রের কোনো ঐতিহ্যই ছিল না, এটি ছিল ভ্লাদিমির লেনিনের সৃষ্ট কৃত্রিম সোভিয়েত রাষ্ট্র।

পুতিন এর আগেও ইউক্রেইন বিষয়ে তার এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন, কিয়েভ যাকে ‘মিথ্যা’ এবং ‘মনগড়া ইতিহাস’ বলে প্রত্যাখ্যান করে আসছে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার ভাষণে বলেছেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে কিয়েভ রাশিয়ার কাছ থেকে অন্যায় সুবিধা নিয়েছে এবং অর্থনৈতিক ‘ব্ল্যাকমেইলের’ শিকার হয়েছে।

এখন দেশটির আকাঙ্ক্ষা নেটোতে যোগ দেওয়া, যা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, বলেন পুতিন।

“নেটোর নথিপত্রে, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট আমাদের দেশকে আনুষ্ঠানিকভাবে ও সরাসরি প্রধান হুমকি বলে ঘোষণা দিয়েছে। এবং ইউক্রেইন তাদের হামলার অগ্রবাহিনীর ভূমিকা নেবে,” বলেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন চালালে ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়া হবে- পশ্চিমাদের এই হুমকিকে পরোয়া না করারও ইঙ্গিত দেন পুতিন।

“তারা ফের আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তারা নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে, যা হোক, আমার মনে হয় রাশিয়ার সার্বভৌমত্ব যত শক্তিশালী হতো, আমাদের সশস্ত্র বাহিনী যত বড় হতো, তারা এসব নিষেধাজ্ঞা দিতই। নতুন নতুন নিষেধাজ্ঞার অজুহাত খুঁজে বা বানিয়ে নিতই তারা,” ভাষ্য তার।

পুতিন বলেন, “নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ব্যবস্থা নেওয়ার সব ধরনের অধিকার রয়েছে রাশিয়ার। ঠিক তাই করা হচ্ছে।”

ইউক্রেইন সীমান্তে বিপুল সংখ্যক রুশ সেনা মোতায়েনের পর থেকেই রুবল ব্যাপক চাপের মুখে ছিল; তেরঙ্গা রুশ পতাকা পাশে রেখে কাঠের একটি ডেস্কের পেছনে বসে পুতিনের ভাষণের সময় রাশিয়ার এই মুদ্রা কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছে যায়। 

বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেইনের দুটি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার অর্থ হল- রাশিয়া আর এই দুই অঞ্চলকে ইউক্রেইনের অংশ মনে করে না।

এই স্বীকৃতির ফলে মস্কোর পক্ষে ডনবাসে (দোনেস্ক ও লুহানস্ক একত্রে ডনবাস নামে পরিচিত) সেনা পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা থাকল না; স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুতিন ঠিক সেই পদক্ষেপই নিয়েছেন।

এক্ষেত্রে ক্রেমলিনের যুক্তি হচ্ছে, তারা কিয়েভের হাত থেকে মিত্রদের রক্ষায় যুদ্ধে হস্তক্ষেপ করছে।

ভাষণে পুতিন দোনেস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে বলেন, “যারা সহিংসতা, রক্তপাত ও অনাচারের পথ বেছে নিয়েছিল এবং সামরিক ছাড়া ডনবাস ইস্যুর অন্য কোনো সমাধানের পক্ষে ছিল না, থাকতোও না তাদের এই প্রতিক্রিয়া অনেক আগেই পাওনা ছিল।” 

তিনি ইউক্রেইনকে অবিলম্বে শত্রুতামূলক কার্যক্রম বন্ধে আহ্বান জানান।

“নাহলে রক্তপাতের সম্ভাব্য ধারাবাহিকতা পুরোপুরিভাবে ইউক্রেইন ভূখণ্ডকে শাসন করা শাসকদের বিচারবুদ্ধির ওপর বর্তাবে,” বলেন পুতিন।

তার বক্তব্যের পরপরেই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দোনেস্ক ও লুহানস্কের নেতাদের উপস্থিতিতে ক্রেমলিনে অনুষ্ঠিত স্বীকৃতি প্রদান অনুষ্ঠান দেখানো হয়। ওই অনুষ্ঠানেই পুতিন অঞ্চল দুটির স্বাধীনতাকে স্বীকৃতি দেন।