২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ৩০ বছর ধরে জঙ্গলে বাস, অবশেষে মিলল আশ্রয়

বিশ্বের সর্বাধুনিক নগরীর অন্যতম সিঙ্গাপুর, যেখানে আকাশচুম্বী ভবন আর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অভাব নেই। কিন্তু একজন মানুষের স্থান হয়নি সেখানে। ৩০ বছর ধরে তিনি বাস করেছেন জঙ্গলে। সেখানেই তাঁবু খাটিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন কোনোমতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 09:46 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

৭৯ বছর বয়সী এই ব্যক্তির নাম ওহ গো সেং। বয়স অনেক হলেও তাকে দেখে মনে হবে মধ্যবয়সী, তার জ্বলজ্বলে চোখ প্রথম দেখাতেই যে কারও মন কাড়বে।

চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরের জঙ্গলে সেং এর বসবাসের কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনা জানতে পেরে অনেকেই হতভম্ব হয়েছেন।

অনেকে প্রশ্ন তুলে বলেছেন, তাকে কেনও আরও সহায়তা দেওয়া হল না? আবার অনেকে এই ৩০ বছর ধরে সবার অলক্ষ্যে এমন জীবনযাপন সেং কীভাবে করতে পেরেছেন তা জানতে কৌতূহলী হয়েছেন।

সেং এর এই জীবনকাহিনী সবিস্তারে তুলে ধরে প্রতিবেদন করেছে বিবিসি।

বড়দিনে সামনে আসে সেং এর ঘটনা:

ঘটনার সূত্রপাত বড়দিনে। সেদিন রাস্তায় সবজি বিক্রি করছিলেন ওহ গো সেং। তাকে বাধা দেয় পুলিশ। কারণ, লাইসেন্স ছাড়াই তিনি ব্যবসা করছিলেন। শাকসবজি এবং মরিচ উৎপাদন করে বিক্রি করেন তিনি।

আগে মার্কেটে তার ছিল ফুল বিক্রির ব্যবসা। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে তিনি সেই কাজ হারান। এরপরই সবুজ শাক-সবজি বিক্রি শুরু করেন। সেং এর ধারণা, পণ্যের দরদাম করা নিয়ে এক কাস্টমারের সঙ্গে তার বিরোধের জেরে সেই কাস্টমারই পুলিশের কাছে তার নামে নালিশ করেছে।

এরপরই পুলিশ এসে তাকে বাধা দেয়। সে সময় ভিভিয়ান প্যান নামের এক দাতব্য কর্মী পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পান, পুলিশের সঙ্গে সেং এর কথোপকথন চলছে। এক পর্যায়ে পুলিশ সেং এর শাকসবজি জব্দ করে।

ভিভিয়েন প্যান বলেন, সেং-এর এই দশা দেখে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। সেং খালি হাতে বাসায় ফিরুক তা চাননি ভিভিয়েন। তবে তিনি বলেন, “আমি এও বুঝতে পারছিলাম যে, আইন অনুযায়ী তারা রাস্তার ওপর এগুলো বিক্রি করতে পারে না।”

তারপরও ভিভিয়ান ঘটনাটি ভিডিও করে ফেইসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। সেং এর দুর্দশার বিষয়টি পার্লামেন্টের স্থানীয় এক এমপি লিয়াং ইং হোয়া’র দৃষ্টিগোচর হয়। তিনি দেখতে পান, ওহ গো সেং-এর আরও অজানা কাহিনী আছে। তা হল, তিনি ৩০ বছর ধরে বনে বাস করছেন। বিষয়টি কেউ জানে না।

জঙ্গলে বসবাস:

স্থানীয় কামপং বা গ্রাম সুঙ্গেই টেনগাহ’তে পরিবারের সঙ্গে বড় হয়েছেন ওহ গো সেং। কিন্তু ১৯৮০র দশকে গ্রামটিতে নতুন বহুতল নির্মাণের জন্য তা অধিগ্রহণ করা হয়।

সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সব অধিবাসীকে নতুন বাড়ি দেওয়া হবে। কিন্তু সেং নিজের জন্য একটি বাড়ি নিশ্চিত করে নিতে পারেননি। যদিও তার ভাই সরকারি একটি ফ্লাট পেয়েছিলেন এবং সেং কে তার সঙ্গে বাস করতেও বলেছিলেন।

কিন্তু সেং সেই প্রস্তাবে রাজি হননি। অন্যের পরিবারের বোঝা হতে চান না বলে যুক্তি দেখিয়েছিলেন তিনি। এরপর সেং তার আদি বাড়ি যেখানে ছিল সেখানকার একটি বনের কাছাকাছি চলে যান। সেখানেই কাঠ, বাঁশ আর তেরপল দিয়ে অস্থায়ী আবাস গড়ে থাকতে শুরু করেন।

Image
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

কাছেই বাগানে চাষাবাদ করে খাবার জোগাড় করেন সেং। আর তার আবাসের বাইরে দরজার পাশে গেলেই দেখা যায় রান্নার ছাই। জিনিসপত্র সব তেরপলের সেই ঘেরা জায়গার মাঝখানে স্তূপ করে রাখা। তার পেছনেই ঘুমানোর জায়গা।

গাছের ফাঁকে ফাঁকে তিনি ঝুলিয়ে রাখেন পোশাক। সবজি যেখানে চাষ করেন সে জায়গাটি বেড়া দিয়ে ঘেরা, যাতে কেউ সেখানে ঢুকতে না পারে। সেং এর তাঁবুর ওপরে একটি কাঁঠাল গাছ ছায়া দিয়ে রেখেছে।

সিঙ্গাপুরে গরম, আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় তাই কোনও অস্বস্তি বোধ হয়নি ওহ গো সেং-এর। তিনি বলেন, নিঃসঙ্গতাও কখনও তার কাছে সমস্যা মনে হয়নি। নিজেকে ব্যস্ত রেখেছেন সবজি উৎপাদনে। তবে বনে বাস করার সবচেয়ে খারাপ জিনিসটি হচ্ছে, তার মতে ইঁদুর। তারা তাঁবুতে ঢুকে কাপড় কেটে দেয়।

সবজি উৎপাদন ছাড়াও যখন যে কাজ পেয়েছেন, সেটিও করেছেন ওহ গো সেং। হাতে কিছু অর্থ জমা হলেই তিনি ফেরিতে করে চলে যেতেন প্রতিবেশী ইন্দোনেশিয়ার একটি ছোট্ট দ্বীপ বাতামে। সেখানেই তার দেখা হয় ম্যাডাম তাসিহ’র সঙ্গে। তাদের প্রেম হয়। তাদের একটি কন্যা সন্তানও আছে।

ওহ গো সেং নিয়মিত সপ্তাহান্তে বাতামে গেলেও বরাবরই সিঙ্গাপুরে বনের বাড়িতে ফিরেছেন। সিঙ্গাপুরে কীভাবে তিনি বাস করেন সে সম্পর্কে তার স্ত্রী এবং ১৭ বছর বয়সী মেয়ের কোনও ধারণা নেই। সেং এর এক আত্মীয় বলেছেন, যখনই তার বাসস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন, বাস করেন একটি বাগানের ভেতরে।

করোনাভাইরাস মহামারীর কারণে সিঙ্গাপুর সীমান্ত বন্ধ করে দিলে বাতামে যাত্রা বন্ধ হয়ে যায় ওহ গো সেং-এর। তাই বলে পরিবারের কথা ভুলে যাননি তিনি। মাসে ৫০০ থেকে ৬০০ ডলার তিনি পরিবারকে পাঠাতেন।

সিঙ্গাপুরে গৃহহীন মানুষ খুব একটা দেখা যায় না। বিশ্বে সম্পদশালী জনগোষ্ঠীর অন্যতম সিঙ্গাপুর। বিশ্বব্যাংকের হিসাবমতে, সিঙ্গাপুরের মানুষদের মাথাপিছু জিডিপি ৬০ হাজার মার্কিন ডলার।সিঙ্গাপুরে আছে ব্যাপক পরিসরের সরকারি গৃহায়ন ব্যবস্থা। হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড এই প্রকল্প তদারক করে।

Image
ছবি: বিবিসি-

ছবি: বিবিসি-

অবশেষে বাড়ি:

এ বছর ফেব্রুয়ারিতে নতুন চন্দ্রবর্ষের প্রথম দিনে স্থানীয় এমপি’র দলের সহযোগিতায় বসবাসের জন্য ওহ গো সেং’কে অবশেষে দেওয়া হয়েছে একটি নতুন বাড়ি। তাকে আরও সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় থাকা পরিবারের সঙ্গে তার পুনর্মিলনের ব্যবস্থা করারও আশ্বাস দেওয়া হয়েছে। সেং পেয়েছেন এক বেডরুমের একটি ফ্ল্যাট। সেখানে আরেকজনের সঙ্গে তা শেয়ার করে থাকেন তিনি।

বর্তমানে চালক হিসেবে কাজ করছেন সেং। বিদেশি কর্মীদের তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান। আর এর ফাঁকে বাগানের কাজও করেন। সিঙ্গাপুরে নিজের আত্মীয়-পরিজনদের সঙ্গে ৩০ বছর পর প্রথম নতুন চান্দ্রবর্ষের উৎসব উদযাপন করতে পেরে খুশি সেং।

হাসতে হাসতে তিনি বলেন, “এতকিছু খেলাম! এত পদের খাবার কতবছর ধরে আমি খাইনি! খুবই চমৎকার লেগেছে। ৩০ বছরের বেশি সময় পর আমি এই প্রথম টিভিও দেখলাম। খুবই উপভোগ করেছি।”