২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন ‘কী চান’ জানতে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

রাশিয়ার প্রেসিডেন্ট আসলেই ‘কী চান’ তা জানতে এবং ‘শান্তিপূর্ণ মীমাংসা’র লক্ষ্যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার আগ্রহ ব্যক্ত করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 04:11 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

রাশিয়া শিগগিরই ইউক্রেইনে হামলা চালাবে, পশ্চিমাদের এমন ধারাবাহিক সতর্কবার্তার মধ্যে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি এ আগ্রহ ব্যক্ত করেন।

একই নিরাপত্তা সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

“রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট কী চান, তা আমি জানি না। এ কারণেই আমি একটি বৈঠকের প্রস্তাব করছি,” বলেছেন জেলেনস্কি।

ইউক্রেইনের নেটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা এবং পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র গোলা বিনিময়ের মধ্যে ইউক্রেইনের প্রেসিডেন্টের এই প্রস্তাব হালে পানি পাবে কিনা, তা বোঝা যাচ্ছে না।

পূর্ব ইউক্রেইন নিয়ে ইউক্রেইন এর আগেও সরাসরি রাশিয়ার সঙ্গে বৈঠক করার আগ্রহ দেখিয়েছিলেন, ক্রেমলিন তাতে সাড়া দেয়নি।

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী ও সরকারি বাহিনী দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ তুলেছিল, কিন্তু এখন এ উত্তেজনার মধ্যে দুই পক্ষের সমর প্রস্তুতি পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে।

এই যুদ্ধ বা অন্য কোনো ঘটনাকে অজুহাত বানিয়ে রাশিয়া ইউক্রেইনে আক্রমণ চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্ররা কয়েক সপ্তাহ ধরেই আশঙ্কা ব্যক্ত করে আসছে; মস্কোর যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা।

এদিকে বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণের কারণে ইউক্রেইন দনবাসের পূর্বাঞ্চলে থাকা ৭টি চেকপোস্টের একটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

“পরিস্থিতির উত্তেজনা এবং চেকপোস্টটি ব্যবহার করা বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিতে অক্ষমতা বিবেচনায় সেনারা রোববার (স্থানীয় সময়) সকাল ৮টা থেকে হুমকি থাকা পর্যন্ত চেকপোস্টটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছে,” বলেছে ইউক্রেইনের সেনাবাহিনী।

গত কয়েকদিন ধরে পূর্ব ইউক্রেইনে গোলাবর্ষণের তীব্রতাও অনেক বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইউক্রেইন তাদের দুই সেনা নিহত ও আরও ৫ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে; বিচ্ছিন্নতাবাদীদের হতাহতের খবর পাওয়া যায়নি।

সংকট প্রশমনে কূটনীতিক প্রচেষ্টাও অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় রোববার বিকালে ফোনে পুতিনের সঙ্গে কথা বলবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।