ইউক্রেইনে হামলা হলে পরিণতি হবে মারাত্মক: রাশিয়াকে হ্যারিসের হুঁশিয়ারি
রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেইনে আগ্রাসন হলে মস্কো ‘চটজলদি এবং মারাত্মক’ পরিণতি ভোগ করবে।
জার্মানির মিউনিখে চলা নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে শনিবার কমলা হ্যারিস একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সঙ্গে সংঘাতকে ইউরোপের নিরাপত্তায় হুমকি হিসাবেও উল্লেখ করেছেন তিনি।
হ্যারিস বলেন, “আজ আমরা সবাই এ বিষয়ে অবগত যে, ইউক্রেইনকে ঘিরে চলমান উত্তেজনায় ইউরোপীয় নিরাপত্তার ভিত সরাসরি হুমকির মুখে পড়েছে।“
এ পরিস্থিতিতে পশ্চিমাদের ঐক্যকেই শক্তি হিসাবে উল্লেখ করে হ্যারিস বলেন, “হামলা ঘটলে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। হামলা চালালে রাশিয়াকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।”
“আমদের এই অর্থনৈতিক পদক্ষেপ হবে চটজলদি, গুরুতর এবং ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। বৃহৎ পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে, নিয়ন্ত্রণ করা হবে রপ্তানি। আমরা রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোসহ প্রধান শিল্পগুলোকেও নিশানা করব।”
আগ্রাসনে যারা জড়িত থাকবে কিংবা সমর্থন, সহযোগিতা দেবে তাদেরকেও নিশানা করা হবে বলে জানান হ্যারিস।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইউক্রেইনে ‘আগ্রাসন চালানোর সিদ্ধান্ত’ নিয়ে ফেলেছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত এবং আগামী কয়েক দিনের মধ্যে সেটা হতে পারে।
কীভাবে এত নিশ্চিত হচ্ছেন বাইডেন? তিনি বলেছেন, মার্কিন গোয়েন্দারা যেসব তথ্য পেয়েছেন, তাতেই তার বিশ্বাস দৃঢ় হয়েছে। আর সেসব তথ্য বলছে, ইউক্রেইনের রাজধানী কিয়েভ হতে পারে রুশ হামলার লক্ষ্যবস্তু।
তবে রাশিয়া প্রতিবেশী ইউক্রেইনে হামলা চালানোর পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর ভাষ্য, ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় সীমান্তে কোনও ধরনের ‘নাটক’ সাজানোর পরিকল্পনায় আছে রাশিয়া, যাতে হামলার চালানোর জন্য একটা ‘অজুহাত’ পাওয়া যায়।
