ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা করে ইলন মাস্কের টুইট, তারপর ডিলিট
কানাডায় ট্রাক চালকদের আন্দোলন দমাতে জরুরি আইনের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নাৎসি নেতা এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে টুইট করার পর তা আবার মুছে ফেলেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে টুইটে হিটলারের ছবি দিয়ে একটি মিম পোস্ট করেছিলেন মাস্ক, সমালোচনার মুখে বৃহস্পতিবার দুপুরে তা সরিয়ে নেন।
এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি প্রযুক্তি উদ্যোক্তা মাস্ক। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি। তবে তিনি টুইটটি সরিয়ে নেওয়ার আগে সমালোচনার ঝড় বয়ে যায় টুইটারে।
কানাডা মাস্কের ওই পোস্টকে বলেছে ‘জঘন্য’। আমেরিকান ইহুদি কমিটি তিাকে ক্ষমা চাইতে বলেছে। টুইটারে অনেকে ইলন মাস্ককে ‘নির্বোধ’ আখ্যায়িত করেছেন।
বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে পণ্য আনা-নেওয়া করা সব ট্রাকচালকের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে ট্রুডোর সরকার।
নিয়ম করা হয়, টিকা না নিলে দেশে ফেরার পর ট্রাক চালকদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের বিরুদ্ধে ট্রাক নিয়ে প্রতিবাদে নামে চালকরা। পরে তা কানাডার সব কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে রূপ নেয়।
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিং আটকে রেখে ট্রাক চালকদের বিক্ষোভের ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে সংকট তৈরি হয়। যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড তাদের কিছু অংশের উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়।
এ আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়ালে আন্দোলন দমাতে ১৯৮৮ সালে পাস হওয়া জরুরি আইন ব্যবহারের পথে হাঁটেন প্রধানমন্ত্রী ট্রুডো। এ আইনের অধীনে আদালতের আদেশ ছাড়াই আন্দোলনের সঙ্গে জড়িতদের আটক ও জরিমানা, ব্যাংক হিসাব জব্দ ও বীমা স্থগিত করার মত পদক্ষেপ নেওয়া যায়।
ট্রুডো বলেছিলেন, জরুরি আইন স্বল্প মেয়াদে কার্যকর থাকবে এবং অত্যন্ত সুনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হবে। তার ভাষায় কানাডাকে ‘নিরাপদ ও সুরক্ষিত’ রাখার জন্যই এ আইনের ব্যবহার।
জরুরি আইনের ব্যবহার নিয়ে সমালোচনার মধ্যেই ট্রুডোকে একহাত নেন টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক। নাৎসি নেতা হিটলারের একটি ছবির মিম তিনি টুইটারে পোস্ট করেন, যেখানে মাথার ওপরে লেখা ছিল, ‘আমাকে জাস্টিন ট্রুডোর সঙ্গে তুলনা বন্ধ করুন’। আর নিচে লেখা ছিল- ‘আমার একটা বাজেট ছিল।’
এর আগে জানুয়ারির শেষ দিকেও একবার টুইট করে আলোচনার জন্ম দেন মাস্ক। সেখানে কানাডার ট্রাকচালকদের বিক্ষোভে তার সমর্থন প্রকাশ পায়।
সর্বশেষ টুইটটি মাস্ক এমন এক সময়ে করেছেন, যখন মার্কিন সরকারের সমালোচনার কারণে তার বিরুদ্ধে ‘বিরামহীন’ তদন্ত চলছে। ওই তদন্তের জন্য বৃহস্পতিবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধেও অভিযোগ করেছে মাস্ক ও টেসলা।
টুইটারে মাস্কের ফলোয়ার ৭ কোটি ৪০ লাখ; যা টেসলার গাড়ির বিপণন কৌশলে বিশেষ সুবিধা দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্মক কিংবা চাঁছাছোলা মন্তব্যের জন্য মাস্ক পরিচিত হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ ইহুদিকে হত্যাকারী নাৎসী নেতার সঙ্গে ট্রুডোর তুলনা করায় বিষয়টি এবার অনেক দূর গড়িয়েছে।
এলিয়ট ম্যালিন নামের একজন মাস্কের টুইট রিটুইট করে লিখেছেন, “ইলন মাস্ক হিটলারের সঙ্গে ট্রুডোর জঘন্য তুলনা করেছেন। এই ধরনের কাজ করবেন না। আপনাকে কেবলই নির্বোধ মনে হচ্ছে।” তবে রিটুইটটি পরে সরিয়ে নেন লেখক।
কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন টুইটে লিখেছেন, তার মন্তব্যগুলো ‘স্পষ্টতই জঘন্য’।
মাস্কের ওই টুইটে ৩৫ হাজারের বেশি লাইক পড়ে, ৯ হাজারের বেশি রিটুইট করা হয়। অনেকে আবার ইতিবাচক সাড়াও দিয়েছেন।
ম্যারুনগলফ১৭ নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে- “আমার পরের গাড়িটা টেসলাই হবে।”
আরও খবর-
