হাঙ্গরের হামলায় ৬ দশকে প্রথম মৃত্যু, বন্ধ সিডনির একাধিক সমুদ্রসৈকত
হাঙ্গরের হামলায় এক সাঁতারু নিহত হওয়ার পর সিডনির কর্তৃপক্ষ আইকনিক বন্ডি ও ব্রন্টিসহ বেশ কয়েকটি সমুদ্রসৈকত বন্ধ করে দিয়েছে।
প্রায় ৬০ বছরের মধ্যে এবারই প্রথম শহরটির কোনো সমুদ্রসৈকতে হাঙ্গরের হামলায় কারও প্রাণ গেল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যেখানে সাঁতারুর ওপর হামলা হয়েছে তার কাছে হাঙ্গর ধরতে বহুলব্যবহৃত ড্রামলাইনস দিয়ে ফাঁদ পাতা হয়েছে; এলাকাটিতে এখনও কোনো হাঙ্গর আছে কিনা তার খোঁজে কর্মকর্তারা ড্রোনও মোতায়েন করেছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বুধবার বিকালে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে, বোটানি বে’র প্রবেশপথের কাছেই একটি হাঙ্গরের আক্রমণের দৃশ্য দেখা গেছে।
পুলিশ এখনও নিহত সাঁতারুর পরিচয় প্রকাশ করেনি।
“আমাদের কমিউনিটির জন্য এটা বড় ধরনের ধাক্কা। আমাদের উপকূলরেখা আমাদের পেছনের উঠান এবং সেখানে যে পরিস্থিতিতে এ করুণ মৃত্যু হয়েছে তা সত্যিই বেদনাদায়ক,” বলেছেন র্যান্ডউইক কাউন্সিলের মেয়র ডিলান পার্কার। এই কাউন্সিলেই লিটল বে অবস্থিত।
নিহত সাঁতারু ও তার পরিবারের সদস্যদের প্রতি সম্মান দেখাতে রোববার কাছাকাছি আরেকটি সমুদ্রসৈকতে হতে যাওয়া সাঁতার কাটার একটি দাতব্য কর্মসূচিও বাতিল করা হয়েছে।
মুরে রোজ মালাবার ম্যাজিক ওশান সুইমের আয়োজকরা প্রথমদিকে সাঁতারের কর্মসূচিটি মার্চ পর্যন্ত স্থগিত রাখার কথা ভাবলেও স্থানীয় কাউন্সিল ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে কর্মসূচিটি বাতিলেরই সিদ্ধান্ত নেন।
নিউ সাউথ ওয়েলসের প্রাইমারি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, তাদের হাঙ্গর জীববিজ্ঞানীদের বিশ্বাস বুধবার হামলার জন্য দায়ী সাদা হাঙ্গরটি প্রায় ৯ দশমিক ৮ ফুট লম্বা।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সিডনিতে ১৯৬৩ সালের পর এবারই প্রথম হাঙ্গরের হামলায় কারও প্রাণ গেল।
সাবধানতার অংশ হিসেবে সিডনির কর্তৃপক্ষ লোকজনকে সমুদ্র থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে।
“কিছু মাথাখারাপ সার্ফাররা এরপরও যাচ্ছে এবং ঝুঁকি নিচ্ছে, কিন্তু আমাদের বেশিরভাগই হাঙ্গর চলে যাওয়ার আগ পর্যন্ত সমুদ্র থেকে দূরেই থাকছি,” রয়টার্সকে এমনটাই বলেছেন স্থানীয় বাসিন্দা কারেন রোমালিস।
