২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন-রাশিয়া সীমান্ত পরিস্থিতি ইউরোপের জন্য চ্যালেঞ্জ: জেলেনস্কি

ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি ইউরোপ এবং গোটা বিশ্বের জন্যই এক নজিরবিহীন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 11:02 PM

Updated : 28 Apr 2022, 11:39 PM

সিএনএন জানায়, কিয়েভ সফরে যাওয়া জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ এর পাশে দাঁড়িয়ে সোমবার জেলেনস্কি একথা বলেন। ইউক্রেইনকে একারণেই প্রতিরক্ষা খাতে এবং অর্থনৈতিকভাবে সমর্থন করা এর মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, আমি বারবারই একথা বলে আসছি যে, ইউক্রেইনকে ছাড়া ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা সুগঠিত থাকা অসম্ভব। ইউক্রেইনের নিরাপত্তা মানে ইউরোপের নিরাপত্তা। তাছাড়া, কেবল দুয়ে মিলেই আমরা আমাদের সন্তানদের কীভাবে সুরক্ষা দিতে হবে তার পথ খুঁজে পেতে পারি।

ইউক্রেইনকে সমর্থন দেওয়া এবং ইউক্রেইনের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্কের জন্য জেলেনস্কি জার্মানিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “জার্মানি ইউরোপে আমাদের অন্যতম পার্টনার।” যদিও জার্মানির সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ আছে বলেও জেলেনস্কি স্বীকার করেন।

তবে তিনি এও বলেন, “জার্মানির বিনিয়োগই হবে আমাদের স্থিতিশীল প্রবৃদ্ধি এবং স্থিতিশীল সম্পর্কের নিশ্চয়তা দেওয়ার চাবিকাঠি।”

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কা নিয়ে উত্তেজনা চলার এই সময়ে ইউক্রেইনের রাজধানী কিয়েভ সফরে গেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলৎজ। ‘খুবই গুরুতর একটি সময়ে’ এই সফর করছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে শুলৎজ বলেন, জার্মানি “খুব নিবিড়ভাবে” ইউক্রেইনের পাশে আছে। সফরকালে দুই নেতার মধ্যে দুই ঘণ্টার সৌহার্দপূর্ণ বৈঠক হয়েছে।