হিজাব নিষিদ্ধে থমকে যেতে পারে মুসলমান ছাত্রীদের লেখাপড়া
ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভরত মুসলমান নারী শিক্ষার্থীদের আশঙ্কা তাদের হয়তো ধর্ম অথবা লেখাপড়ার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য হতে হবে।
এমনই একজন কর্ণাটকের উডুপি জেলার ২১ বছরের ছাত্রী আয়শা ইমতিয়াজ। আয়শা এবং তার পরিবার অত্যন্ত ধর্ম পরায়ন। উডুপি জেলাতেই একটি কলেজের ছয় ছাত্রী হিজাব পরার কারণে তাদের শ্রেণীকক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ করেন।
বার্তা সংস্থা রয়টার্সকে আয়শা বলেন, ‘‘হিজাব পরার কারণে কলেজ কর্তৃপক্ষের আমাকে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যেতে বলাই দারুণ অপমানের। যেটা আমার অন্তরের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে।
‘‘আমার ধর্ম আজ প্রশ্নের মুখে পড়েছে এবং এমন একটা জায়গায় অপমানিত হয়েছে যেটিকে আমি শিক্ষার উপাসানালয় বলে মনে করতাম। এটা বরং অনেকটা আমাদের ধর্ম অথবা শিক্ষার মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নিতে বলা। এটা একটি ভুল কাজ।”
গত মাসে উডুপির সরকারি গার্লস পিউ কলেজের ছয় শিক্ষার্থী অভিযোগ করেন, হিজাব পরার জন্য ক্লাসে নিষিদ্ধ করা হয়েছে তাদের।। পরে ওই ছাত্রীরা কলেজে আসলেও তাদের ক্লাসে ঢুকতে না দিয়ে পৃথক একটি কক্ষে বসিয়ে রাখা হয়। ক্লাস কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে রাজ্যটিতে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়।
যে বিতর্কের জেরে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদ-বিক্ষোভ ও সহিংসতা দেখছে কর্ণাটক; পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে কয়েকদিনের জন্য রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশও দিতে হয়েছে।
ক্লাসে হিজাব পরতে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আদালতের দ্বারস্ত হয়। এ বিষয়ে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আদালত আপাতত শিক্ষার্থীদের ধর্মীয় পোশাক পরে ক্লাসে যেতে বারণ করেছে।
আয়শা জানান, বিক্ষোভে অংশ নেয়া মুসলমান ছাত্রীদের এখন ফোনে হুমকি দেওয়া হচ্ছে। ফলে তারা বাড়ির ভেতর থাকতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা, তারা শিক্ষার্থীদের হিজাব পরে কলেজ ক্যাম্পাসে আসতে বাধা দিচ্ছেন না। শুধু শ্রেণীকক্ষে হিজাব খুলে রাখতে বলা হচ্ছে।
কর্ণাটকে ধর্মীয়ভাবে অতিরিক্ত সংবেদনশীল তিন উপকূলীয় জেলার একটি উডুপি। এই তিনটি জেলা ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির শক্ত ঘাঁটি।
ভারতের সংবিধানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম চর্চার স্বাধীনতা নিশ্চিত করা আছে। সংবিধানে অনুমতি থাকার পরও কেন তাদের ধর্মীয় পোশাক পরতে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে দেশটির সংখ্যালঘু মুসলমানদের মধ্যে ক্ষোভ বাড়ছে। হিজাব পরতে বাধা দেওয়ার বিরুদ্ধে কর্ণাটক ছাড়াও কলকাতা এবং চেন্নাইয়ে বিক্ষোভ হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গন থেকেও হিজাব নিষিদ্ধের বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (আইআরএফ) এ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শুক্রবার বলেন, হিজাব নিষিদ্ধ করা ‘ধর্ম পালনের স্বাধীনতার লঙ্ঘন। এটা নারী ও মেয়েদের নীচু করা এবং আলাদা করে দেখার সামিল’।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার মন্তব্য ভালোভাবে নেয়নি ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার এর জবাবে বলা হয়, অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। এছাড়া বিষয়টি এখনো আদালতের রায়ের অপেক্ষাধীন।
আয়শা এবং আরো ছয়জন মুসলমান ছাত্রী নিজেদের ধর্মীয় স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। যদিও এজন্য তাদের কট্টরপন্থি হিন্দু শিক্ষার্থীদের মুখোমুখি হতে হচ্ছে, যাদের কেউ কেউ তদের বন্ধু।
এ বিষয়ে আয়শা বলেন, ‘‘যখন আমাদের বন্ধুরাই আমাদের বিপক্ষে দাঁড়িয়ে বলে ‘তোমার হিজাব পরা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে’ তখন সত্যিই হৃদয় ভেঙে যায়। এটা আমাদের বন্ধন এবং মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে।”
