ডিএনএ চুরির ভয়ে রাশিয়ায় কোভিড পরীক্ষা করাননি ম্যাক্রোঁ
ইউক্রেইন সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টায় এ সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে গেলেও ক্রেমলিনের কোভিড পরীক্ষার অনুরোধ রাখেননি। রাশিয়া তার ডিএনএ- এর নমুনা রেখে দিতে পারে, এই ভয়েই ম্যাক্রোঁ কোভিড পরীক্ষা করাননি।
ফলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ম্যাক্রোঁকে কোভিডের স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে বৈঠকে বসতে হয়েছে ৬ মিটার (২০ ফুট) লম্বা টেবিলের দুই প্রান্তে। ম্যাক্রোঁর সফর দলের দুই কর্মকর্তা একথা জানিয়েছেন।
এত দীর্ঘ টেবিলের দুই প্রান্তে বসে দুই নেতার বৈঠকের ছবি স্যোশাল মিডিয়ায় হাস্যরসাত্মক মন্তব্য এবং জল্পনা উস্কে দিয়েছে। কূটনীতিকরা টেবিলের এই দূরত্বকে অন্যভাবে বিশ্লেষণ করেছেন। পুতিন এটিকে কূটনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করতে পারেন এমনটি বলছেন তারা।
তবে ফরাসি প্রেসিডেন্টের স্বাস্থ্য প্রটোকল সম্পর্কে জানেন এমন দুই কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, ম্যাক্রোঁকে বলা হয়েছিল, তিনি রাশিয়ায় কোভিড পরীক্ষা করিয়ে প্রেসিডেন্ট পুতিনের কাছাকাছি বসে বৈঠক করবেন, নাকি কোভিড পরীক্ষা না করে সামাজিক দূরত্ব বিধি মানবেন?
ম্যাক্রোঁ তখন সামাজিক দূরত্ববিধি মানার পথই বেছে নেন। সেকারণে লম্বা দূরত্ব বজায় রেখে কেবল বৈঠক করাই নয়, এর আগে কিংবা পরে একে অপরের সঙ্গে হাতও মেলাননি পুতিন এবং ম্যাক্রোঁ।
ফরাসি ওই দুই কর্মকর্তার একজন বলেন, “আমরা ভালো করেই জানতাম তারা হাত মেলাবেন না। লম্বা টেবিলের দু’প্রান্তে বসে বৈঠক সারবেন। কিন্তু তারা প্রেসিডেন্টের ডিএনএ হাতে পেয়ে যাক সেটা আমরা মেনে নিতে পারতাম না।”
রাশিয়ার চিকিৎসকদের কাছে প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা নিয়ে ফ্রান্সের নিরাপত্তায় উদ্বেগের বিষয়টি একথার মধ্য সামনে এসেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানিয়েছেন যে, “ম্যাক্রোঁ কোভিড পরীক্ষা করতে চাননি। তবে এটাকে রাশিয়া কোনও সমস্যা মনে করেনি। এর মধ্যে কোনও রাজনীতি নেই এবং আলোচনায়ও বিষয়টি কোনও প্রভাব ফেলেনি।”
ম্যাক্রোঁর সফরদলের অপর কর্মকর্তা জানিয়েছেন, ম্যাক্রোঁ ফ্রান্স ছাড়ার আগে একটি পিসিআর পরীক্ষা করেছিলেন এবং মস্কো সফরকালে ম্যাক্রোঁর আরেকটি অ্যান্টিজেন পরীক্ষাও করেন তার নিজস্ব চিকিৎসক।
ম্যাক্রোঁর ফরাসি কার্যালয় থেকে বলা হচ্ছে, “রাশিয়া যে কোভিড পরীক্ষা করার কথা বলেছিল তা আসলে গ্রহণযোগ্য ছিলনা। আর সেই পরীক্ষার সময়সূচিও ম্যাক্রোঁর সফরসূচির সঙ্গে মেলানো যাচ্ছিল না।
আর ডিএনএ চুরির আশঙ্কার বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে ম্যাক্রোঁর কার্যালয় জানায়, “প্রেসিডেন্টের নিজস্ব চিকিৎসকরা আছেন, যারা তার স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী কী করা উচিত বা উচিত নয়, সেই নিয়মবিধি নির্ধারণ করেন।”
