স্পেনের রাজা, ডেনমার্কের রানি কোভিডে আক্রান্ত
স্পেনের রাজা ফিলিপ ও ডেনমার্কের রানি মার্গারেথের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
বুধবার দিবাগত রাতে ফিলিপের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা যাওয়ার পর তিনি শনাক্তকরণ পরীক্ষায় অংশ নেন; সে পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে বুধবার স্থানীয় সময় সকালেই জানায় রাজপ্রাসাদ।
একইদিন ডেনমার্কের রাজদরবারও মার্গারেথের দেহে করোনাভাইরাসের উপস্থিতির কথা নিশ্চিত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপ ও মার্গারেথ দুজনই ভালো আছেন, তাদের উপসর্গ মৃদু, বলেছে তাদের কার্যালয়।
স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, কোভিডে আক্রান্ত ফিলিপ ৭ দিন আইসোলেশনে থাকবেন।
“মহামান্য রাজার স্বাস্থ্যের অবস্থা ভালো, তিনি বাসভবন থেকেই প্রাতিষ্ঠানিক সব কার্যক্রম চালিয়ে যাবেন,” বলেছে তারা।
রাজা কোভিডে আক্রান্ত হলেও রানি লেতিজিয়া ও রাজকন্যা সোফিয়ার দেহে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি বলেও বিবৃতিতে জানিয়েছে তারা।
বুধবার ডেনমার্কের রাজদরবার এক বিবৃতিতে জানায়, কোভিডে আক্রান্ত হওয়ায় রানি নরওয়েতে শীতকালীন ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করেছেন। বুধবারই মার্গারেথের নরওয়ে রওনা হওয়ার কথা ছিল।
৮১ বছর বয়সী ডেনমার্কের এ রানি ৫ দশক ধরে সিংহাসনে আসীন।
তিনি আগামী ৭দিন কোপেনহেগেনের কেন্দ্রস্থলে অবস্থিত এমালিয়ানবো প্রাসাদের একটি অংশে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে রাজদরবার।
