২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রের আশ্বাসে নারীর কপালে পেরেক, ভণ্ড পীরকে খুঁজছে পুলিশ

পাকিস্তানে এক ভণ্ড পীরকে খুঁজছে পুলিশ। অভিযোগ উঠেছে, ওই পীর পুত্র সন্তান পাওয়ার আশা দেখিয়ে অন্তঃসত্ত্বা এক নারীর কপালে দুই ইঞ্চি পেরেক ঠুকে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 10:24 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

বিবিসি জানায়, কপালে পেরেক ঠোকার পর মারাত্মক যন্ত্রণাকাতর ওই নারী প্রথমে প্লাস দিয়ে পেরকটি বের করার চেষ্টা করেন এবং না পেরে পেশওয়ারের একটি হাসপাতালে যান।

প্রথমে তিনি চিকিৎসকদের বলেছিলেন, তিনি নিজেই এ কাজ করেছেন। পরে অবশ্য জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, নিশ্চিত পুত্র সন্তান হবে আশ্বাস দিয়ে এক ভণ্ড পীর ওই কাজ করেছেন।

ওই নারীর মাথার একটি এক্স-রে রিপোর্ট অনলাইনে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালের চিকিৎসক হায়দার খান বিবিসি-কে বলেন, ওই নারী যখন সাহায্যের জন্য হাসপাতালে যান তখন তিনি সম্পূর্ণ সজ্ঞান ছিলেন। কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ডন পত্রিকা জানায়, প্রতিবেশী একজনের কাছে ভণ্ড পীর সম্পর্কে জানতে পরে ওই নারী সেই পীরের কাছে গিয়েছিলেন।

তার এরই মধ্যে তিনটি কন্যা সন্তান রয়েছে। এবার ওই নারীর স্বামী হুমকি দিয়ে বলেছেন, ‘যদি এবারও মেয়ে হয় তবে তিনি স্ত্রীকে ত্যাগ করবেন’।

“ওই নারী তিনমাসের অন্তঃসত্ত্বা। যেহেতু তার স্বামী তাকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাই তিনি ওই ভণ্ড পীরের কাছে যান।”

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও পুত্র সন্তান কামনায় নারীদের উপর নির্যাতন করা হয়। পুত্র সন্তান বংশরক্ষার পাশাপাশি ভবিষ্যতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হবে বলে তারা আশা করে। তাদের এই আশাকে পুঁজি করে ভণ্ড পীর-ফকির তাদের ব্যবসা ফেঁদে বসে।

পেশওয়ার পুলিশ প্রধান আব্বাস আহসান এক টুইটে জানান, পুত্র সন্তানের মিথ্যা আশা দেখিয়ে একজন নিষ্পাপ নারীর মাথায় পেরেক ঠুকে দেওয়ার পেছনে দায়ী ভণ্ড পীরকে খুঁজতে এবং তাকে বিচারের আওতায় আনতে পুলিশের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

যদিও এই ঘটনার শিকার নারীকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ‍হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি চলে যান। পুলিশ ওই নারীকেও খুঁজে বের করার চেষ্টা করছে, তিনি যেন ভণ্ড ওই পীরকে শনাক্ত করতে পারেন।

ওই নারী হাসপাতালে আসার পর কেন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিল না এবং কিভাবে ওই নারী হাসপাতাল থেকে চলে যেতে সক্ষম হলেন- তা নিয়েও তদন্ত হচ্ছে বলে ‍জানান পুলিশ কর্মকর্তা আব্বাস।

তিনি বলেন, ‘‘আমরা শিগগির ওই ভণ্ড পীরকে ধরতে পারব।”