২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

পেরুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনসের ওপর দিয়ে ঘুরে বেড়ানোর সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ আরোহীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 12:58 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

শুক্রবার দেশটির সরকার ও স্থানীয় পুলিশ এ খবর জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে নেদারল্যান্ডসের ৩ ও চিলির ২ পর্যটক আছেন। বাকি দুইজন পেরুর, তারা বিমানটির ক্রু ছিলেন।

এক বিবৃতিতে পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় জানায়, নাজকা শহরের মারিয়া রাইখ বিমানবন্দরের কাছেই সেসনা ২০৭ ‍বিমানটি বিধ্বস্ত হয়।

“দুর্ঘটনার ফলে কেউ বেঁচে নেই,” বলেছে তারা; কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।

নাজকার পুলিশপ্রধান কমান্ডার এদগার এসপিনোজা সাংবাদিকদের জানান, মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে সম্ভবত আগুন ধরে গিয়েছিল।  

পর্যটকদের কাছে পেরুর অন্যতম আকর্ষণ নাজকা লাইনস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। বিশাল বিশাল সব লাইন টেনে আঁকা নকশা, হামিংবার্ড, বানর, মাকড়সা, পেলিকান ও তিমিসহ নানান প্রাণী এবং গাছের দুই হাজার বছরেরও বেশি পুরনো কয়েকশ চিত্রকর্ম আছে সেখানে।

৪০০ বর্গকিলোমিটারের সংরক্ষিত এ এলাকাটি পেরুর রাজধানী লিমার প্রায় সাড়ে চারশ কিলোমিটার দক্ষিণে এবং নাজকা ও পালপা শহরের মাঝে অবস্থিত। আকাশ থেকে বিশাল বিশাল পুরনো এসব চিত্রকর্ম ভালোভাবে দেখা যায় বলে পর্যটকরা প্রায়ই ছোট বিমানে চেপে সেখানে যান।

বিমান দুর্ঘটনায় নিজদেশের নাগরিকদের মৃত্যু নিয়ে তাৎক্ষণিকভাবে পেরুতে অবস্থিত চিলি ও নেদারল্যান্ডস দূতাবাসের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।