২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সংকট সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিলেন এরদোয়ান

ইউক্রেইন নিয়ে চলমান সংকট সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। ইউক্রেইন সফরকালে বৃহস্পতিবার তিনি এই প্রস্তাব দেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2022, 11:29 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

সংকটের শান্তিপূর্ণ সমাধানে যথাসাধ্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইউক্রেইন এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

রাশিয়া এবং ইউক্রেইন দু’দেশের সঙ্গেই ভাল সম্পর্ক আছে তুরস্কের। সংকট সমাধানে প্রেসিডেন্ট এরদোয়ান ইউক্রেইন-রাশিয়া শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন।

তার এ প্রস্তাবে সাড়া দিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “যুদ্ধ পরিস্থিতি অবসানের পথে ইউক্রেইন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার উদ্যোগ নেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানাচ্ছি।”

ইউক্রেইনের সামরিক বাহিনী গতবছর অক্টোবরে দেশটির পূর্বাঞ্চলে রাশিয়া-সমর্থিত বিদ্রোহীদের একটি অবস্থানে ড্রোন হামলা চালানোর পর কিয়েভের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ আচরণের অভিযোগ করেছে মস্কো।

সম্প্রতি ইউক্রেইন সীমান্তে রাশিয়া ১ লাখেরও বেশি সেনা সমাবেশ করার পর ইউক্রেইনে রুশ হামলার আশঙ্কা সৃষ্টি হয়। পশ্চিমারা এমন আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে রাশিয়া বরাবরই এমন কোনও পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

কিন্তু রাশিয়া যাতে ইউক্রেইনে আগ্রাসন চালাতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ও এর নেটো মিত্রদেশগুলো ইউক্রেইনের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে এবং মস্কোকে নিষেধাজ্ঞা আরোপসহ নানা শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়ার হুমকিও দিয়ে আসছে।

ইউক্রেইনের সঙ্গে সহযোগিতা বাড়াতে একাধারে যুক্তরাজ্য, পোল্যান্ড, নেদারল্যান্ডসের নেতাদের সফরের পর সর্বশেষ সেখানে সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

রাশিয়া-ইউক্রেইন দু’য়ের সঙ্গেই ভাল সম্পর্ক থাকলেও এরদোয়ান বলেছেন, ইউক্রেইনে রাশিয়ার হামলা হলে নেটো জোটের সদস্যদেশ হিসাবে তুরস্ক যা কিছু করা সম্ভব তা করবে। তবে এরদোয়ান কারো পক্ষ নিচ্ছেন না বলে জানিয়েছেন এক তুর্কি কর্মকর্তা।

তুরস্কের কূটনৈতিক কর্মকর্তারা বলছেন, তুরস্কের মধ্যস্থতার প্রস্তাবে রাশিয়া এবং ইউক্রেইন দুপক্ষই দ্বার খোলা রেখেছে। ইউক্রেইনে রাশিয়া আগ্রাসন চালালে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি নেটোর অন্যান্য সদস্যদেশগুলো দিয়েছে তুরস্ক তার বিরোধিতা করেছে।

আবার রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা গড়ে তুললেও তুরস্ক সিরিয়া, লিবিয়া নিয়ে মস্কোর নীতি এবং ক্রিমিয়া উপদ্বীপ দখলের পদক্ষেপের বিরোধিতা করেছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়।

বৃহস্পতিবার ইউক্রেইনের রাজধানী কিয়েভ সফরকালে এরদোয়ান বলেন,   “এক নাজুক সময়ে এই সফরে এসেছি। আমি বলতে চাই, আমরা ক্রিমিয়াসহ ইউক্রেইনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতাকে সমর্থন করি।”

এরদোয়ানের কিয়েভ সফরকালে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে দেশটির অভ্যন্তরে তুর্কি ড্রোন তৈরির একটি চুক্তিও হয়। তাছাড়া, মুক্ত বাণিজ্যচুক্তিসহ আরও একাধিক চুক্তি সই হয়েছে দুই দেশের মধ্যে।