২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নাটকে হিজাবে ‘বাধা’ নিয়ে বিতর্ক বাড়ছে, আদালতে শিক্ষার্থীদের পিটিশন

ভারতে বিজেপি শাসিত কর্নাটক রাজ্যের উদুপি জেলার এক কলেজে হিজাব পরে ক্লাস করতে বাধা দেওয়া নিয়ে বিতর্ক বাড়ছে। মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাস করার পক্ষে যুক্তি দেখিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করেছে দুই শিক্ষার্থী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 10:00 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

হাইকোর্টে এই পিটিশনের শুনানি আগামী সপ্তাহেই হবে বলে জানিয়েছে বিবিসি। এক শিক্ষার্থীর পিটিশনে বলা হয়েছে, নিজের পছন্দমত পোশাক পরা মৌলিক অধিকার। ভারতের সংবিধানেও এই অধিকার নিশ্চিত করা আছে।

আরেকটি পিটিশন দাখিল করা হয়েছে ৫ বিক্ষোভকারীর পক্ষ থেকে। এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলতি বছরের জন্য সরকারের দেওয়া নির্দেশনামায় তাদের কলেজের ইউনিফর্ম নিয়ে কিছু বলা নেই।

রাজ্যের শিক্ষামন্ত্রী নগেশ বিসি অবশ্য কলেজ কর্তৃপক্ষের হিজাবে নিষেধাজ্ঞার পদক্ষেপই সমর্থন করেছেন। বিবিসি হিন্দি কে তিনি বলেন, সরকার শিগগিরই কর্নাটক হাইকোর্টে নিজেদের অবস্থান তুলে ধরবে।

উদুপি জেলার কুন্দাপুরের ওই সরকারি কলেজে হিজাব পরে ক্লাস করতে না দেওয়া নিয়ে গতমাস থেকেই জটিলতা সৃষ্টি হয়েছে। কলেজ ক্যাম্পাসে হিজাব পরা নিষিদ্ধ না থাকলেও ক্লাস করার সময় হিজাব পরার অনুমতি নেই। বিষয়টি নিয়ে ছয় ছাত্রীর কয়েক সপ্তাহের বিক্ষোভের পর এবার আদালতে পিটিশন দাখিল হল।

Image
ছবি: ইউটিউব ভিডিও

ছবি: ইউটিউব ভিডিও

গত বুধবার হিজাব পরা নিয়ে কলেজটিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ছেলেদের একটি দল হিন্দুদের প্রতীক ‘গেরুয়া’ শাল জড়িয়ে কলেজে এসে মুসলিম মেয়েদের হিজাব পরার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কলেজের অধ্যক্ষ তখন হিজাব খুলে মেয়েদেরকে ক্লাসে যেতে বললে তর্কাতর্কি শুরু হয়। রাজ্যের অন্য তিনটি কলেজেও হিজাব নিয়ে এমন প্রতিবাদ দেখা গেছে।

কুন্দাপুরের এক বিধায়ক মুসলিম ছাত্রী এবং তাদের অভিভাবকদের সঙ্গে বুধবার বৈঠকে বসলেও মতৈক্য হয়নি। অভিভাবকরা জানিয়ে দিয়েছিলেন, ছাত্রীদের হিজাব পরার অধিকার আছে।

এরপর বৃহস্পতিবারেও ছাত্রীরা হিজাব পরে কলেজে গেলে সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদেরকে ক্লাস করতে বাধা দেয়। এদিন একদল হিজাব পরা ছাত্রীর সামনে কলেজের গেট বন্ধ করে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ সঞ্চার হয়েছে।

ঘটনাটি ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যেও ভীতি এবং ক্ষোভ সৃষ্টি করেছে, দেশের সংবিধানে মানুষের নিজের ইচ্ছানুযায়ী পোশাক পরার অধিকার স্বীকৃত আছে বলেই যাদের ভাষ্য।

হিজাব নিয়ে শোরগোল ওঠা উদুপি জেলাটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। আর কর্নাটক রাজ্যের ক্ষমতায়ও এখন আছে বিজেপি।

হিজাব পরা নিয়ে সেখানে বিতর্ক বাড়তে থাকার মধ্যে বিক্ষোভকারীরা বলছে, এই বিতর্কের কারণে তাদের পড়াশুনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।