২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নীতি ‘বর্ণবাদী’: অ্যামনেস্টি

ইসরায়েলের মূল ভূখণ্ড এবং অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দেশটির সরকারের আইন, নীতি এবং আচরণ বর্ণবাদের শামিল বলে বর্ণনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 11:47 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

সম্প্রতি প্রকাশিত অ্যামনেস্টির এক টি প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়, ইসরায়েল রাষ্ট্র “ইহুদি ইসরায়েলিদের সুবিধার জন্য ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন এবং আধিপত্যের একটি প্রাতিষ্ঠানিক শাসন বজায় রেখেছে।”

আন্তর্জাতিক আইনে বর্ণবৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে গণ্য করা হয়। অ্যামনেস্টির প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে ‘সব অভিযোগ মিথ্যা বলে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে’।

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র উল্টো অভিযোগ করে বলেন, ‘‘ইসরায়েল-বিদ্বেষী সংগঠনগুলো যেসব মিথ্যা, অসঙ্গতিপূর্ণ এবং ভিত্তিহীন দাবি করে থাকে, অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে সেগুলোকেই পুনরায় ব্যবহার করেছে।”

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে আরও বলা হয়, ‘‘এই প্রতিবেদন ইহুদি জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকারকে অস্বীকার করা হয়েছে। তাদের কট্টর ভাষা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের বিকৃতি ইসরায়েলের বিরুদ্ধে চক্রান্ত এবং ইহুদি-বিদ্বেষের আগুনে ইন্ধন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।”

ওদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যামনেস্টির প্রতিবেদনকে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে, ‘‘এই প্রতিবেদন সমাজে গেঁড়ে বসা বর্ণবাদ, বর্জন, নিপীড়ন, উপনিবেশবাদ, জাতিবিদ্বেষ এবং ফিলিস্তিনিদের যেসব নির্যাতন সহ্য করতে হচ্ছে সেগুলো মুছে ফেলার যে চেষ্টা তার নিষ্ঠুর বাস্তবতার বিশদ বিবরণ।”

সাড়ে ৯৪ লাখ মানুষের দেশ ইসরায়েলে ২০ শতাংশের বেশি আরব। যাদের অনেকে নিজেদের ফিলিস্তিনি বলে পরিচয় দেন। এছাড়া, প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বাস করেন। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে।

আরও প্রায় ২০ লাখ ফিলিস্তিনি গাজা উপত্যকায় বাস করেন। ২০০৫ সালে ইসরায়েল গাজার দখল ছেড়ে দেয়। কিন্তু জাতিসংঘ এখনও গাজাকে ইসরায়েলের অধিকৃত ভূমি বলে বিবেচনা করে।

পশ্চিম তীরের বেশিরভাগ ফিলিস্তিনি সেখানে একটি ফিলিস্তিন কর্তৃপক্ষকে মেনে চলে। আর গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের মিলিশিয়া গোষ্ঠী হামাসের হাতে। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের প্রায় ১৪০ টি বসতিতে ছয় লাখের বেশি ইহুদির বাস। আন্তর্জাতিকভাবে ওই সব বসতি অবৈধ বলে বিবেচিত হলেও ইসরায়েল তা মানে না।

ইসরায়েলের আইনে বলা হয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশটির সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। কিন্তু অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, বাস্তবে ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ‘নিকৃষ্ট, ইহুদি নয় এমন জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং আচরণ করে’।

অ্যামনেস্টির প্রতিবেদনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যেসব অমানবিক কাজ এবং অমানবিক আচরণ নথিভুক্ত করা হয়েছে সেগুলোর মধ্যে আছে- জোরপূর্বক স্থানান্তর, প্রশাসনিক আটক ও নির্যাতন, বেআইনি হত্যা ও গুরুতর জখম এবং মৌলিক স্বাধীনতা অস্বীকার ও নিপীড়ন।

ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘এই আচরণ চালিয়ে যেতে চায়’ বলেও অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়। ‘বর্ণবিদ্বেষ কনভেনশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি’ অনুযায়ী যেটা মানবাতার বিরুদ্ধে অপরাধ এবং ‘বর্ণবৈষম্য’ বলে বিবেচিত হয়।

অ‌্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘‘লাখ লাখ মানুষের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে এবং দীর্ঘ সময় ধরে বর্ণবাদী নিপীড়ন চালিয়ে যেতে যে ব্যবস্থা গড়ে উঠেছে সেটা কোনও ভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না।

“আন্তর্জাতিক অঙ্গনকে অবশ্যই ইসরায়েলের এ বর্ণবাদী বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং ন্যায়বিচারের পথগুলোকে অনুসরণ করতে হবে। যে পথ লজ্জাজনকভাবে এখনও খুঁজে পাওয়া যায়নি।”

অ্যামনেস্টির প্রতিবেদনের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘অ্যামনেস্টি সিরিয়াকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলছে না। অথচ সিরিয়া এমন একটি দেশ যার সরকার তাদের প্রায় পাঁচ লাখ নাগরিককে হত্যা করেছে। এমনকী তারা ইরান বা আফ্রিকা ও লাতিন আমেরিকার অন্যান্য দুর্নীতিবাজ এবং হত্যাকারী শাসকদেরও বর্ণবাদী বলছে না।

তিনি বলেন, ‘আমি এ কথাটি বলতে চাই না যে, ইসরায়েল যদি ইহুদি রাষ্ট্র না হত, তবে অ্যামনেস্টির কেউ এর বিরুদ্ধে তর্ক করার সাহস করত না। কিন্তু এই সমালোচনার ক্ষেত্রে আমি অন্য কোনও কারণ দেখছি না।”