ফেব্রুয়ারিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তালেবান
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে বন্ধ হয়ে থাকা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ফেব্রুয়ারিতে খুলবে।
রোববার জানিয়েছেন দেশটির তালেবান সরকারের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী, তবে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ফিরতে পারবেন কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
এদিন কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, উষ্ণ অঞ্চলের প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয় খুলবে ২ ফেব্রুয়ারি আর শীতল অঞ্চলের প্রদেশগুলোর ২৬ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয়গুলোর নারী শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হয়েছে কিনা তা জানাননি তিনি। এর আগে তালেবান কর্মকর্তারা জানিয়েছিলেন, নারীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা করা হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সরকার এখন পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় শুধু ছেলেদের উচ্চবিদ্যালয়গুলো খুলে দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেননি।
তালেবান সরকার আরও বেশি বিদেশি সহায়তা ও বিদেশে জব্দ হয়ে থাকা সম্পদ ছাড় করার চেষ্টা করছে। তাদের এ প্রচেষ্টায় সাড়া দেওয়ার শর্তের মধ্যে নারী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়ার দাবিও রেখেছে পশ্চিমা সরকারগুলো।
কট্টরপন্থি এ গোষ্ঠীটি ১৫ অগাস্ট, ২০২১ এ ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।
