ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: মহাকাশ থেকে তোলা ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলো মহাকাশে তাদের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র থেকে তোলা বলে দেশটির দাবি।
ছবিগুলোতে মহাকাশ থেকে কোরীয় উপদ্বীপের কিছু অংশ এবং একে ঘিরে থাকা এলাকা দেখা যাচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-র বরাতে বিবিসি সোমবার জানায়, হোয়াসং-১২ নামের মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক মিসাইলে বসানো ক্যামেরার মাধ্যমে এই আলোকচিত্রগুলো তোলা হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে নেমে আসার আগে দুই হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। দুই দেশই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।
চলতি মাসে এটি ছিল উত্তর কোরিয়ার ছোড়া সপ্তম ক্ষেপণাস্ত্র, যা ২০১৭ সালের পর তাদের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা বলে দেশটির ভাষ্য।
কেসিএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের সামনের অংশে বসানো পরীক্ষামূলক ওয়ারহেড বা বোমার সঙ্গে একটি ক্যামেরা যুক্ত করা ছিল।
দুটি ছবিতে উৎক্ষেপণের মুহূর্তটি দেখানো হয়েছে। অন্য দুটি ছবিতে ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের মাঝ-পথে থাকার দৃশ্য ধরা পড়েছে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের হিসাবে, ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিট উড়ে ৮০০ কিলোমিটার দূরত্ব পারি দিয়েছে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের ব্যালিস্টিক ও নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘ। তা লঙ্ঘন করায় কঠোর অবরোধও আরোপ করা হয়েছে দেশটির বিরুদ্ধে।
উত্তর কোরিয়া অবশ্য এই নিষেধাজ্ঞাকে পাত্তা দেয়নি, বরং দেশটির নেতা কিম জং-উন দেশের প্রতিরক্ষা জোরদার করার অঙ্গীকারের কথা বলে আসছেন।
রয়টার্সের প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পিয়ংইয়ংয়ের প্রতি।
ওই কর্মকর্তা বলেন, “আমরা বিশ্বাস করি, অর্থবহ আলোচনা শুরু করা সম্পূর্ণ যথাযথ ও সঠিক পদক্ষেপ।”
এর আগে ‘আরও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে’ উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সাধারণত পরীক্ষার পরদিন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়।
সোমবার কেসিএনএ জানায়, কতটা নিখুঁত, তা যাচাইয়ের জন্য ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। পরীক্ষা চালানোর সময় কিম জং উপস্থিত ছিলেন না।
কোরিয়ার পূর্ব সাগর উপকূলে উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিম অংশ থেকে সর্বোচ্চ কৌণিক উৎক্ষেপণ ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে কেসিএনএ। প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা বিবেচনায় রেখে এটা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ আঙ্কিত পান্ডা বলেন, কিম জং উনের অনুপস্থিতি এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ব্যবহৃত ভাষা থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে, নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য নয়, বরং যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যেভাবে কাজ করার কথা, সেভাবে করছে কিনা, সেটা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হয়েছে।
কেসিএনএ জানিয়েছে, যে ক্ষপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে, সেটি একটি মাঝারি পাল্লার হয়াসং-১২ ক্ষেপণাস্ত্র। ২০১৭ সালের পর এই প্রথম পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।
ওই বছর আরও ছয়বার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়, যার মধ্যে দুটো জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় ফায়ার রেইড অ্যালার্ম বেজে উঠলে দ্বীপের অধিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
উত্তর কোরিয়া দাবি করেছিল, হোয়াসং-১২ ক্ষেণাস্ত্রটি একটি ‘বড়-আকারের পারমাণবিক বোমা’ বহন করতে পারে।
এ মাসে সাত পরীক্ষা
রোববারের ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বিশেষজ্ঞদের ধারণা, উৎক্ষেপণের এই ঘনঘটার পেছনে একাধিক কারণ কাজ করছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক ক্ষমতা বলয়ে উত্থানপতন।
কিম জং উন হয়ত এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরে থমকে থাকা পরমাণু আলোচনায় ফেরাতে চাইছেন। আর সময়টিকেও খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে, বিশেষ করে যখন চীনে শীতকালীন অলিম্পিক শুরু হতে যাচ্ছে এবং মার্চে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের সূচি রয়েছে।
এই পরীক্ষা থেকে এমন ধারণাও কেউ কেউ করছেন যে যুক্তরাষ্ট্রের-নেতৃত্বে চাপানো অবরোধ, মহামারী-সংশ্লিষ্ট জটিলতা ও দশকজুড়ে চলমান অব্যবস্থাপনায় উত্তর কোরিয়ার নাজুক অর্থনীতি এখন কঠিন সময় পার করছে।
ট্রয় ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষক এবং দক্ষিণ কোরিয়া নিবাসী ড. ড্যানিয়েল পিংক্সটন বিবিসিকে বলেন, শুধু চীন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি নয়, বরং আঞ্চলিক শত্রুদেরও সংকেত দিচ্ছে পিয়ংইয়ং।
“এক মাসের কিছু পরেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। তাদের অতীতের আচরণ ভেবে দেখলে এর খুবই মিল পাওয়া যায়। তারা সিউল এবং পরবর্তী প্রেসিডেন্টকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে।”
অন্য বিশ্লেষকদের মতে, এই মাসে পরিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো দেখিয়ে দিয়েছে, উত্তর কোরিয়া এমন প্রযুক্তি গড়ে তুলছে যা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও জাপানের মোতায়েন করা ব্যয়বহুল ও জটিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে।
দক্ষিণ কোরিয়ার সাবেক নৌ কমান্ডার অধ্যাপক কিম দং ইউপ বলেন, “তারা (পিয়ংইয়ং) একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চাইছে যা হবে বৃশ্চিকের লেজের মত। মানে আত্মরক্ষাও হবে, আবার আক্রমণও শানানো যাবে।
“উত্তর কোরিয়ার মূল লক্ষ্য হামলা করা নয় বরং নিজেদের সুরক্ষিত করা। দেশটি একটি বৈচিত্র্যপূর্ণ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে।”
২০১৮ সালে কিম জং উন পারমাণবিক অস্ত্র বা দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার ওপর স্থগিতাদেশ জারি করেন। অবশ্য পরের বছরই তিনি ঘোষণা করেন, উত্তর কোরিয়া ওই স্থগিতাদেশ বজায় রাখছে না।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর আরও অবরোধ আরোপ করেছে। দুই দেশের মধ্যে আলোচনাও থমকে আছে।
