২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডে কড়াকড়ি নিউজিল্যান্ডে, আফগানিস্তানে আটকে অন্তঃসত্ত্বা সাংবাদিক

কোভিড সংক্রমণ মোকাবেলায় কড়াকড়ি নিউজিল্যান্ডে। খোদ প্রধানমন্ত্রী নিজেই কোভিড আক্রান্তের সংস্পর্শে আসায় ঝুঁকি এড়াতে নিভৃতবাসে আছেন। এ অবস্থায় নিউ জিল্যান্ডে সীমান্ত কড়াকড়ির বিষয়টি সামনে এসেছে সেদেশেরই পত্রিকায় আফগানিস্তানে আটকা পড়া অন্তঃসত্ত্বা এক সাংবাদিকের লেখনীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 12:20 AM

Updated : 28 Apr 2022, 11:34 PM

টিভি সাংবাদিক শার্লট বেলিস অকল্যান্ডে প্রকাশিত দৈনিক ‘নিউজিল্যান্ড হেরাল্ড’- এ একটি প্রতিবেদনে লিখেছেন, তিনি আফগানিস্তান থেকে দেশে ফিরতে পারছেন না। কারণ, প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডুন সরকার তাকে দেশে ফেরার অনুমতি দেয়নি।

কোভিড-১৯ এর কোয়ারেন্টিনের নিয়মের সঙ্গে খাপ না খাওয়ায় জরুরি প্রত্যাবর্তনের জন্য বেলিসের আবেদন প্রত্যাখ্যান করেছে তার নিজেরই দেশ। তাই আফগানিস্তানে আটকে আছেন তিনি।

নিজের দুর্দশার কথা জানিয়ে বেলিস লিখেছেন, “তালেবান যখন আপনাকে- (একজন অন্তঃসত্ত্বা, অবিবাহিত নারী)- নিরাপদ আশ্রয় দেয়; তখন বুঝতেই পারছেন, আপনার অবস্থা কতটা বেগতিক।” বেলিস বলেন, নারীর প্রতি আচরণ নিয়ে যে তালেবানের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছিলেন, এখন নির্মম পরিহাসে সে প্রশ্নই নিজ দেশের সরকারকে করতে হচ্ছে।

বেলিসের আটকা পড়ার এই ঘটনায় নিউ জিল্যান্ডের কঠোর কোভিডবিধি এবং সীমান্ত কড়াকড়ি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বেলিসের ঘটনাটিকে আমলাতান্ত্রিক নিষ্ঠুরতার উদাহরণ বলে বর্ণনা করেছেন। আবার কেউ কেউ এই ব্যবস্থার পক্ষেও কথা বলেছেন।

বেলিসের দেশে ফেরার আবেদন বাতিল হয়েছে- কারণ, সরকারের নিয়মমাফিক বিদেশে থাকাকালীন আবেদন করার ১৪ দিনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। নিউ জিল্যান্ডের ‘ম্যানেজড আইসোলেশন এন্ড কোয়ারেন্টিন সিস্টেম’ এর যুগ্ম প্রধান ক্রিস বানি হেরাল্ড সেকথাই বেলিসকে জানিয়েছেন।

বেলিসকে ১৪ দিনের মধ্যে আবার আবেদন করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন বানি। ওদিকে বেলিস বলছেন, কাবুল থেকে ফ্লাইটের অপ্রতুলতার কারণেই তার দেশে ফেরার জন্য আবেদনের মেয়াদ পেরিয়ে গেছে।

‘দ্য ইনডিপেন্ডেন্ট’ পত্রিকা জানায়, কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাতে কর্মরত ছিলেন শার্লট বেলিস। আফগানিস্তানের খবর সংগ্রহ করতেন তিনি। তালেবানের আফগানিস্তানের ক্ষমতা দখলের খবর প্রচার করে আলোচনায় আসেন তিনি।

সেপ্টেম্বরে তিনি হঠাৎ অপ্রত্যাশিতভাবেই অন্তঃসত্ত্বা হন। কেননা, এর আগে চিকিৎসক বেলিসকে জানিয়েছিলেন,তিনি গর্ভধারণ করতে পারবেন না। মুসলিম দেশ কাতারে বিয়ে বহির্ভূত সম্পর্কে অন্তঃসত্ত্বা হওয়া অবৈধ হওয়ার কারণে শার্লট বেলিস নিজ দেশে ফিরে যেতে মনস্থির করেন। কিন্তু ফেরার চেষ্টা করে ব্যর্থ হন।

এরপর বেলিস তার প্রেমিক ইইউ নাগরিক হুইলেব্রোকের সঙ্গে বেলজিয়ামে চলে যান। কিন্তু সেখানেও বসবাসের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বেশিদিন থাকতে পারেননি তিনি। এ অবস্থায় অন্য যে দেশে শার্লট বেলিসের আশ্রয়ের সুযোগ ছিল, সেটি হল আফগানিস্তান।

উপায় না পেয়ে বেলিস এরপর ঊধ্র্বতন তালেবান নেতাদের সঙ্গে কথা বলেন। তারা তাকে আশ্বাস দিয়ে বলেন, আফগানিস্তানে বেলিস নিরাপদেই থাকবেন। তবে মানুষকে বলতে হবে তিনি ‘বিবাহিত’। কোনও সমস্যা হলে তালোবান নেতারা তাদেরকে জানাতে বলেন এবং দুশ্চিন্তা না করতে বলেন।

বেলিস জানান, আফগানিস্তানে নিউজিল্যান্ড কর্তৃপক্ষের কাছে তিনি ৫৯টি নথি পাঠিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ তার জরুরি ভিত্তিতে তার দেশে ফেরার আবেদন প্রত্যাখান করেছে।

নিউ জিল্যান্ডের সীমান্ত গত ২০ মার্চ ২০২০ থেকে বিদেশিদের জন্য বন্ধ রয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ধাপে ধাপে সীমান্ত ফের খোলার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায় ওমিক্রনের হানার কারণে তা আর হয়নি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠিন বিধিনিষেধ চালু রয়েছে দেশটিতে। বিদেশে থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের অনেক যাচাইয়ের পর দেশে ঢুকতে দেওয়া হয়।

তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের তীব্র প্রকোপের মধ্যেও নিউজিল্যান্ড সংক্রমণ নিম্নগামী রাখতে পেরেছে। ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত মাত্র ১৫,৯১০ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এবং ৫২ জনের মৃত্যু হয়েছে।