২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে প্রায় ২,০০০ শিশুযোদ্ধা নিহত: জাতিসংঘ

ইয়েমেনে ২০২০ সালের লড়াইয়ে হুতি বিদ্রোহীদের নিয়োগ করা প্রায় ১,৫০০ শিশু নিহত হয়েছে এবং এর পরের বছর নিহত হয়েছে আরও পাঁচ শতাধিক শিশু। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 09:51 PM

Updated : 28 Apr 2022, 11:33 PM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, হুতি বিদ্রোহীরা তাদের মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছে এবং এখনও শিশুদেরকে দলে ভিড়িয়ে চলেছে।

বিশেষজ্ঞরা আরও বলেন, ইয়েমেনে বিদ্রোহীদের ওপর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার কারণে এখনও অনেক বেসামরিক মানুষজন মারা যাচ্ছে।

বিবিসি জানায়, ২০১৫ সালে ইয়েমেনে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ১০ হাজারেরও বেশি শিশু। লড়াইয়ের ফলে লাখো প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। আরও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।

৩০০ পাতার প্রতিবেদনে জাতিসংঘ বিশেষজ্ঞ প্যানেল বলেছে, তারা হুতি বিদ্রোহীদের নিয়োগ করা ১, ৪০৬ জন শিশুর তালিকা পেয়েছে, যারা ২০২০ সালে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। তাছাড়া, পরের বছর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৫৬২ জন শিশু মৃত্যুর তালিকা পাওয়া গেছে।

চার সদস্যের এই বিশেষজ্ঞ প্যানেলের উদ্ধৃতি দিয়ে এপি বার্তা সংস্থা জানায়, “এই শিশুদেরকে হুতি স্লোগান ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ইহুদিদের অভিসম্পাত’ এবং ‘ইসলামের জয়’ বলার নির্র্দেশ দেওয়া হয়েছিল।”

“একটি শিবিরে ৭ বছরের ছোট বাচ্চাকেও অস্ত্র পরিষ্কার করা এবং রকেট এড়িয়ে চলা শেখানো হত” বলে জানিয়েছে বিশেষজ্ঞ প্যানেল।