ইউক্রেইনে সামরিক কারখানায় সৈন্যের গুলিতে রক্ষীসহ নিহত ৫
ইউক্রেইনের ন্যাশনাল গার্ডের এক সৈন্য একটি সামরিক কারখানার রক্ষীদের দিকে গুলি ছুড়েছে, এতে পাঁচ জন নিহত ও আরও পাঁচ জন আহত হয়েছে।
এ হামলার কারণ জানা যায়নি এবং ঘটনার পর ওই সৈন্য পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে মধ্যাঞ্চলীয় শহর নিপ্রোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানা রক্ষীদের অস্ত্র দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে। ওই সৈন্যের গুলিতে সেখানে সশস্ত্র বাহিনীর চার সদস্য ও একজন বেসামরিক নারী নিহত হন।
আর্তেম রিয়াবচুক (২১) নামের ওই সৈন্য একটি কালাশনিকভ (একে-৪৭) রাইফেল ও ২০০ কার্তুজ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়।
ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিম মনাসতেরস্কি জানিয়েছেন, কোন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে তা বের করতে একট বিশেষ কমিশন গঠন করা হবে।
রিয়াবচুকের মোটিভ কী ছিল তদন্তে তার ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আন্তন হেরাশচেঙ্কো।
