২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড পজিটিভ ছেলেকে ‘গাড়ির বুটে আটকে রেখেছিলেন’ মার্কিন শিক্ষিকা

করোনাভাইরাসে আক্রান্ত ছেলেকে গাড়ির বুটে আটকে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 03:50 PM

Updated : 02 Aug 2022, 02:31 PM

৪১ বছর বয়সী সারাহ বিমের বিরুদ্ধে শিশুর জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

নিজে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারেন এই ভয়ে বিম তার ১৩ বছর বয়সী ছেলেকে গাড়ির বুটের মধ্যে রেখে গাড়ি চালিয়ে একটি কোভিড শনাক্তকরণ কেন্দ্রে গিয়েছিলেন।

কোভিড ‘পজিটিভ’ এসেছিল ছেলের; ওই ফল ঠিক আছে কিনা, তা নিশ্চিত হতে তিনি গত সোমবার টেক্সাসের প্রিজিওন স্টেডিয়ামের শনাক্তকরণ কেন্দ্রে ফের পরীক্ষা করাতে ছেলেকে এভাবেই নিয়ে যান বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

হ্যারিস কাউন্টি এলাকায় রাখা ওই গাড়িটির বুটে কারও উপস্থিতির শব্দ পেয়ে এক প্রত্যক্ষদর্শী ‍পুলিশে খবর দেন বলে ক্লিকটুহিউস্টন ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিম পরে তার গাড়ির বুট খুললে সেখানে তার ছেলের শুয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এক স্বাস্থ্যকর্মী মার্কিন এ শিক্ষিকাকে বলেছিলেন, ছেলেকে গাড়ির পেছনের সিটে বসার অনুমতি না দিলে তার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হবে না।

২০১১ সাল থেকে সাইপ্রেস ফলস হাই স্কুলে শিক্ষকতা করে আসা বিম বর্তমানে প্রশাসনিক ছুটিতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

টেক্সাস জননিরাপত্তা বিভাগের সার্জেন্ট রিচার্ড স্ট্যান্ডফায়ার স্থানীয় টিভি স্টেশন কেএইচওইউ ১১-কে বলেছেন, বিমের গাড়িটি কোনো দুর্ঘটনায় জড়ালে বুটে থাকা ছেলেটি গুরুতর আহত হতে পারতো।

“কোনো পরীক্ষায় পজিটিভ হওয়ার পর কাউকে এভাবে গাড়ির ট্রাংকে রাখার কথা কখনোই শুনিনি আমি,” বলেছেন তিনি।