টিকা নিয়ে সন্দিহান সাংসদের মৃত্যু হল কোভিডেই
ফ্রান্সে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নানান পদক্ষেপের বিরোধিতাকারী, টিকা নিয়ে সন্দিহান কট্টর ডানপন্থি একটি দলের আইনপ্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার জানিয়েছেন দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী সাংসদ জোসে এভারের মৃত্যুর খবর নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফ্রান্সের পার্লামেন্টে দুবু লা ফঁস দলের প্রতিনিধিত্বকারী তিন আইনপ্রণেতার একজন ছিলেন এভার।
“তার স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, সেই সঙ্গে তার সহকর্মী ও সহযোগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি,” বলেছেন ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিশাখঁ ফেরন।
এভার নিজে কোভিডের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কিনা, তা স্পষ্ট নয়। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভরতদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তার দলের প্রতিষ্ঠাতা নিকোলা দুপঁয়েনিয়া ফ্রান্সের সবচেয়ে সুপরিচিত টিকাদানবিরোধী কর্মী।
গত বছরের অক্টোবরে ফ্রান্সের পার্লামেন্টে কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে কমিটি গঠনের দাবি জানিয়ে যে প্রস্তাব আনা হয়েছিল, তাতে স্বাক্ষরকারীদের মধ্যেও এভার ছিলেন।
