কোভিড: ৩ রোগী শনাক্তের পরই লকডাউনে চীনের আরেক শহর
উপসর্গবিহীন ৩ কোভিড রোগী শনাক্ত হওয়ার পরপরই চীনের দ্বিতীয় আরেকটি শহরে পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।
এ কারণে হেনান প্রদেশের ১১ লাখ জনগোষ্ঠীর শহর ইউঝৌতে রাতারাতিই গণপরিবহন বন্ধ ও জরুরি খাদ্যপণ্য ছাড়া বাকি সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, জানিয়েছে বিবিসি।
এই নিয়ে শিয়ানের পর চীনের দ্বিতীয় আরেকটি শহরে লকডাউন দেওয়া হল। কোভিড সংক্রমণ মোকাবেলায় দেওয়া লকডাউনের কারণে শানসি প্রদেশের শিয়ান শহরের এক কোটি ৩০ লাখ বাসিন্দা গত ২৩ ডিসেম্বর থেকে গৃহবন্দি অবস্থায় দিন পার করছে।
চান্দ্র নববর্ষ ও শীতকালীন অলিম্পিকসের আগে আগে ইউঝৌতেও একই ধরনের কড়াকড়ি আরোপ করা হল।
বেইজিংয়ে অলিম্পিক গেইমস শুরু হওয়ার বাকি আর ঠিক একমাস; এর মধ্যে চীনে কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে অনেকে উদ্বিগ্ন হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের আশ্বস্ত করে বলেছেন, চীন ‘একটি দক্ষ ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা বানিয়ে রেখেছে’।
ওই সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে হাজারও কর্মী ও স্বেচ্ছাসেবক মঙ্গলবার থেকেই ‘বাবলের’ মধ্যে ঢুকে পড়া শুরু করবেন; বাইরের পৃথিবীর কারও সংস্পর্শে আসবেন না তারা, যা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাবে।
অলিম্পিক গেইমসে অংশ নেওয়া প্রতিযোগী এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সদস্যরাও চীনে নামার পরপরই ওই ‘বাবলে’ ঢুকে পড়বেন, যতদিন থাকবেন এই ‘বাবলেই’ থাকতে হবে তাদের।
সাবধানতার সঙ্গে পরিচালিত এই ‘বাবল’ চীনের ‘শূন্য কোভিড’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ নীতিতে চীন গত ২ বছর ধরে যেখানে প্রাদুর্ভাব দেখা দেয়, সেখানে ভাইরাসকে সঙ্গী করে না বেঁচে ভাইরাস পুরোপুরি নির্মূলে নজর দিয়ে আসছে।
বেইজিংয়ের প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের শহর ইউঝৌর কর্মকর্তারা বলছেন, “দ্রুততম সময়ের মধ্যে মহামারীর লাগাম টেনে ধরা ও তাকে পরাস্ত করা নাগরিক ও সরকারি কর্মী উভয়ের জন্যই উচ্চ-অগ্রাধিকারভুক্ত রাজনৈতিক কর্তব্য।”
শহরটির সব বাসিন্দাকে এখন ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণের কাজে জড়িতরাই কেবল বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছেন।
পশ্চিম চীনের শিয়ানেও প্রায় দুই সপ্তাহ ধরে একই ধরনের নীতিই বলবৎ আছে। সোমবার শহরটিতে উপসর্গধারী ৯৫ কোভিড রোগী মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংক্রমণের চূড়ায় থাকা অবস্থায় শহরটিতে প্রতিদিন দেড়শর বেশি রোগী শনাক্ত হয়েছিল, এখন তা নেমে আসছে।
তবে চীনের কঠোর এই লকডাউন রোগী সংখ্যা কমাতে পারলেও অন্য ধরনের সমস্যার সৃষ্টি করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে শহরটির বাসিন্দাদেরকে খাদ্য ঘাটতি নিয়ে উদ্বেগ থেকে এক পণ্য দিয়ে অন্য পণ্য নিতে দেখা গেছে।
“মানুষজন একই ভবনের ভেতরেই জিনিসপত্র অদলবদল করছেন, কারণ তাদের খাওয়ার মতো পর্যাপ্ত খাদ্য নেই,” ওয়াং নামের এক বাসিন্দা রেডিও ফ্রি এশিয়াকে এমনটাই বলেছেন। অন্য এক বাসিন্দা চালের জন্য তার স্মার্টফোন ও ট্যাবলেট বিক্রি করতে চাইছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
