২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেটের বদলে বাঁধাকপি: চীনা শহরে লকডাউনে চলছে পণ্য বিনিময়

কঠোর লকডাউনে অচল হয়ে পড়া চীনের শিয়ান নগরীর বাসিন্দারা এখন খাদ্যের অভাবে পণ্যের বিনিময়ে খাবার পেতে মরিয়া হয়ে উঠেছেন। ফিরে এসেছে সেই প্রাচীন বিনিময় প্রথা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 10:30 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো তে পোস্ট করা নানা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা সিগারেট ও নানা প্রযুক্তি পণ্যের বিনিময়ে খাবার নিচ্ছেন।

চীনে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার উপকেন্দ্র হয়ে উঠেছে শিয়ান নগরী। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে নগরীর এক কোটি ৩০ লাখ বাসিন্দাকে গত ২৩ ডিসেম্বর থেকে কঠোর লকডাউনে থাকতে হচ্ছে; এমনকী খাবার বা নিত্যপণ্য কিনতেও তারা বাড়ির বাইরে যেতে পারছে না।

চীনা নববর্ষ উদযাপন এবং বেইজিংয়ে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক আয়োজন নির্বিঘ্ন করতে দেশটির কর্তৃপক্ষ কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

বিবিসি জানায়, কর্তৃপক্ষ নগরীতে বিনামূল্যে খাবার সরবরাহ করছে। কিন্তু ত্রাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর অভিযোগ আসছে। কেউ কেউ বলেছেন, তাদের খাবার প্রায় ফুরিয়ে এসেছে; এখনও কোনও ত্রাণ তাদের হাতে পৌঁছায়নি।

উইবো’তে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, লোকজন সিগারেটের বিনিময়ে বাঁধাকপি, ডিসওয়াশিং লিকুইডের বিনিময়ে আপেল এবং স্যানিটারি প্যাডের বিনিময়ে অল্প কিছু সবজি কিনছে।

ওয়াং নামে একজন রিডিও ফ্রি এশিয়াতে বলেন, ‘‘একই ভবনের বাসিন্দারা নিজেদের মধ্যে পণ্যের বিনিময়ে খাবার সংগ্রহ করছেন। কারণ তাদের খাবার ফুরিয়ে এসেছে।”

আরেকটি সংবাদমাধ্যম জানায়, এক ব্যক্তি চাল পেতে নিজের স্মার্টফোন ও ট্যাব দিতে চাইছেন। ওদিকে, আরেক নগরী ইউঝোতে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত রাতে ‍পুরো নগরী শাটডাউন করে দেওয়া হয়। আক্রান্ত তিন জনের শরীরেই রোগের কোনও উপসর্গ ছিল না।

এক কোটি ১০ লাখ মানুষের নগরী ইউঝোতে পরিবহন ব্যবস্থা এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে বলতে গেলে কোনও গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র মহামারী নিয়ন্ত্রণে যারা কাজ করেন তারা চলাচল করতে পারছেন।