২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা বানচাল

বাগদাদের পশ্চিমে আইন আল-আসাদ বিমানঘাঁটির দিকে উড়ে যাওয়া বিস্ফোরকবোঝাই দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 04:06 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

মঙ্গলবার এই ড্রোন দুটিকে ভূপাতিত করা হয় বলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক জোটের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আইন আল-আসাদ ঘাঁটিটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছে।

এর আগে সোমবারও একই ধরনের আরেকটি হামলা বানচাল হয়; বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনী অবস্থান করছে এমন একটি ঘাঁটির দিকে যাওয়া দুটি ড্রোন সেদিনও গুলি করে ভূপাতিত করে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা।

এমন এক সময়ে মার্কিন বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে এ বিস্ফোরকবোঝাই ড্রোন পাঠানো হচ্ছে, যখন ইরান ও ইরাকে তাদের মিত্ররা কাসেম সোলেমানির হত্যাকাণ্ডের বার্ষিকী পালন করছে।

২০২০ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুকুমে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্র ইরানি শীর্ষ জেনারেল সোলেমানির ওপর ড্রোন হামলা চালায়।

সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, সোলেমানি হত্যাকাণ্ডের জন্য ট্রাম্পকে নিরপেক্ষ আদালতে বিচারের মুখোমুখি করা না হলে ইরানই তার জেনারেল হত্যার বদলা নেবে।