ওমিক্রনের প্রকোপে যুক্তরাষ্ট্রে স্কুল খোলা পেছাল
ওমিক্রনের আগ্রাসী সংক্রমণের প্রভাবে করোনাভাইরাস শনাক্তের দৈনিক সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার মধ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো খোলার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে কর্তৃপক্ষ।
রয়টার্স বলছে, সোমবার নিউ ইয়র্কে যত জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল, তাদের প্রতি তিনজনে একজন পজিটিভ। অর্থাৎ এই শহরে সংক্রমণের হার ৩৩ শতাংশের বেশি, যেখানে জাতীয় হার ১৮ শতাংশ।
বছর শেষের ছুটি শেষে নিউ ইয়র্কসহ পাশের স্কুলগুলো এ সপ্তাহ থেকে চালু করার কথা ছিল। যদিও অনেক স্কুল দূরশিক্ষণ চালু রেখেছে।
এ সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর ভাইরাসের আগ্রাসী সংক্রমণের মধ্যেও নিউ ইয়র্ক সিটির বড় বড় স্কুলগুলো নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র এরিক অ্যাডামস।
গত মাসেও শহরটিতে কোভিড আক্রান্তের হার ছিল তিন শতাংশ, যা ১১ গুণের বেশি বেড়েছে। এর ফলে বড় জমায়েতের আয়োজন বন্ধ করতে হয়েছে, আর ব্যবসায়ীদের অফিস পুরোপুরি চালুর পরিকল্পনাও পিছিয়েছে।
ব্রোংসের একটি স্কুল পরিদর্শনের সময় এরিক অ্যাডামস বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, স্কুলের পরিবেশ আমাদের সন্তানদের জন্য সব থেকে নিরাপদ স্থান হবে।“
লোকবলের অভাবে ব্রুকলিনের একটি পাবলিক স্কুল সোমবার বন্ধ ছিল বলে এই রাজ্যের শিক্ষা বিভাগের এক মুখপাত্র জানান।
ওমিক্রনের সংক্রমণ বাড়ায় ২০২২ সালের শুরুটা হয়েছে উদ্বেগের মধ্যে। রয়টার্সের তথ্য অনুযায়ী, কোভিড শনাক্তের গড় সংখ্যা গত সাত দিনে প্রায় দ্বিগুণ বেড়ে ৪ লাখ ১৮ হাজারে দাঁড়িয়েছে।
লোকবলে ঘাটতি ও ওমিক্রন উদ্বেগে এ সপ্তাহে কয়েক হাজার শিক্ষার্থীর সরাসরি ক্লাস বাতিল করেছে মিলাওয়াকি, ক্লিভল্যান্ড ও ডেট্রয়েট। অনেকেই ভার্চুয়ালি শিক্ষাকার্যক্রম আবার চালু করতে যাচ্ছে।
সম্প্রতি কোভিড শনাক্তের সর্বোচ্চ হার দেখেছে নিউ জার্সি। এই অঙ্গরাজ্যের বড় শহর নিউ ইয়র্কসহ অন্যান্য স্কুলগুলোও ভার্চুয়াল ক্লাস দিয়ে বছর শুরু করতে যাচ্ছে।
আটলান্টায় বসবাসরত দুই সন্তানের মা আনা বিল স্মিথ বলেন, এ সপ্তাহে শহরের পাবলিক স্কুলগুলোর দূরশিক্ষণ কার্যক্রমকে তিনি সমর্থন করেন।
তবে শনিবার ঘোষণাটি আসার জন্য তিনি হতাশাপ্রকাশ করে বলেন, এটি অনেক পিতামাতাকে উদ্বেগের মধ্যে ফেলেছিল। সমন্বয়ের অভাব ও স্বচ্ছ পরিকল্পনার ঘাটতি হতাশাজনক।
চলতি সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৫০টির বেশি স্কুল বন্ধ রয়েছে বলে স্কুল কার্যক্রমে ব্যাঘ্যাত নজরদারিতে থাকা ওয়েবসাইট বারবিও জানিয়েছে।
