কোভিড-১৯: ইংল্যান্ডে দৈনিক শনাক্তের রেকর্ড
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যে ফের দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যে দেখা গেছে, শনিবার সেখানে ১ লাখ ৬২ হাজার ৫৭২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন শুক্রবারের তুলনায় এই সংখ্যা দুই হাজারেরও বেশি।
এদিন কোভিড-১৯ আক্রান্ত আরও ১৫৪ জন মারা গেছেন। আগের দিন ১৭৮ জনের মৃত্যু হয়েছিল। এরা সবাই রোগ শনাক্তের ২৮ দিনের মধ্যে মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যজুড়েই দৈনিক শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে আগের ঢেউয়ের তুলনায় এবার হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা এখনো বেশ কম।
সংক্রমণের বিস্তার রোধে এরই মধ্যে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নাইটক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে। পাবগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সামাজিক নানা অনুষ্ঠানে জনসমাগম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে ইংল্যান্ডে এখনো কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, সংক্রমণের গতি যদি আরো বেড়ে যায় তখন ‘শেষ অবলম্বন হিসেবে’ বিধিনিষেধ আরোপ করা হবে।
