বিরল পক্ষত্যাগ, দক্ষিণের নাগরিক সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায়
দক্ষিণ কোরিয়ার এক নাগরিক দুই দেশের মধ্যে থাকা সুরক্ষিত সীমানা পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছেন।
শনিবার বিরল এ পক্ষত্যাগের ঘটনা ঘটেছে বলে দক্ষিণের সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা শনিবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে দুই কোরিয়াকে পৃথক করে রাখা ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্ব পাশে এক ব্যক্তির উপস্থিতি টের পাওয়ার পর অনুসন্ধান অভিযানে নামে।
“রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে আমরা নিশ্চিত হই, ওই ব্যক্তি সামরিক সীমানা রেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় চলে গেছেন।”
উত্তরে যাওয়া ওই ব্যক্তি জীবিত আছেন কিনা তা নিশ্চিত হতে পারেনি জেসিএস, তবে সামরিক হটলাইনের মাধ্যমে তার সুরক্ষা নিশ্চিতের অনুরোধ জানিয়ে নোটিস পাঠানো হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়া ২০২০ সালের শুরু থেকেই সীমান্ত বন্ধ রেখেছে; তবে দেশটিতে এখন পর্যন্ত কারও দেহে প্রাণঘাতী ভাইরাস শনাক্তের খবর পাওয়া যায়নি।
২০২০ সালের সেপ্টেম্বরে সমুদ্রে নিখোঁজ দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে উত্তর কোরিয়ার সেনারা গুলি করে মারার পর তা নিয়ে হট্টগোলের মধ্যে পিয়ংইয়ং বলে, কঠোর ভাইরাসবিরোধী নীতির কারণেই তারা ওই কর্মকর্তাকে গুলি করতে বাধ্য হয়েছিল। ওই ঘটনার জন্য ক্ষমাও চায় তারা।
গত বছরের শেষদিকে উত্তরের শীর্ষ নেতা কিম জং উন তার ভাষায় দক্ষিণ কোরিয়া থেকে ঢুকে পড়া পক্ষত্যাগী এক উত্তর কোরিয়ানের দেহে কোভিড-১৯ উপসর্গ পাওয়ার পর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সীমান্তবর্তী একটি শহর সিলগালা করে দেন।
দেশটিতে দীর্ঘসময় ধরে চলা লকডাউন এবং এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ায় বিধিনিষেধ থাকায় সাম্প্রতিক সময়ে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়ার হারও সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলন ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনাও থমকে আছে, যার কারণে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কেও নাটকীয় কোনো উন্নতি দেখা যায়নি।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত যুদ্ধ কোনো শান্তিচুক্তি নয়, অস্ত্রবিরতিতে শেষ হয়। যে কারণে দুই দেশ এখনও কার্যত যুদ্ধের মধ্যেই রয়েছে।
