কলোরাডোয় দাবানল: তিনজনের মৃত্যুর শঙ্কা
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় রাজ্য কলোরাডোয় ভয়াবহ দাবানলের পর তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
তাদের কাউকে জীবিত পাওয়া যাবে বলেও আশা করছেন না রাজ্যটির কর্মকর্তারা।
কলোরাডোর বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়া দাবানল হাজারো বাড়িঘর ধ্বংস করার পাশাপাশি অসংখ্য মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্যও করে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় শেরিফ প্রথমদিকে দাবানলে কারও মৃত্যু হয়নি বলে জানান এবং একে ‘অলৌকিক’ অ্যাখ্যা দেন।
কিন্তু পরে বোল্ডার কাউন্টির এক মুখপাত্র একে ভুল বলে স্বীকার করে নেন।
“আমার মনে হয়, শেরিফ সম্ভবত আমাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য পাননি। এটি একটি দুর্ভাগ্যজনক ভুল। আমাদের খুব খারাপ লাগছে,” কলোরাডো সানকে এমনটাই বলেছেন জেনিফার চার্চিল।
নিখোঁজদের কারও সম্বন্ধেই বিস্তারিত জানা যায়নি। তাদের একজন ৯১ বছর বয়সী এক নারী বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
তিনজনেরই বেঁচে থাকার সম্ভাবনা কম থাকায় মৃতদেহ খুঁজতে পারদর্শী কুকুর মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে।
দাবানলে কেবল বোল্ডার কাউন্টিরই ৬ হাজার একর জমি পুড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
কলোরাডো বরাবরই শুকনো অঞ্চল। এ বছর সেখানে বৃষ্টি তেমন না হওয়ায় সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক শুষ্ক পরিস্থিতির, তার মধ্যেই এ দাবানল হল। যদিও পরে তুষারপাত দাবানল নিয়ন্ত্রণে আনতে সহায়ক ভূমিকা রাখে।
বোল্ডার ২৫ সেন্টিমিটারের বেশি তুষারে ঢাকা পড়েছে, যা নিখোঁজের সন্ধানকাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে পুরু তুষারের মধ্যে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অনেকে বাড়ি ফিরে দাবানলের তাণ্ডব দেখে হতভম্ব হয়ে গেছেন।
দাবানলের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
