২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোরাডোয় ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। আগুনে পুড়ে ধ্বংস হয়েছে শত শত বাড়ি। জরুরিভিত্তিতে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা। পরিস্থিতির অবনতিতে জরুরি অবস্থা জারি করেছেন কলোরাডোর গভর্নর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2021, 07:09 PM

Updated : 08 Apr 2022, 12:04 AM

দ্রুত ছড়িয়ে পড়তে থাকা আগুন ডেনভারের উত্তরের বোল্ডার কাউন্টি পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আগুন আরও বাড়তে থাকার কারণে সেখানে মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসি জানায়, বৃহস্পতিবার লুইসভিল এবং সুপেরিয়র শহরের প্রায় ৩০ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর জ্যারেড পোলিস।

কলোরাডো বরাবরই শুকনো অঞ্চল। এ বছর সেখানে বৃষ্টি তেমন না হওয়ায় খরা দেখা দেয়। তার উপর আগুন লাগায় আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘণ্টায় ১০৫ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস আগুন আরও বাড়িয়ে দিচ্ছে।

বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে বলেন, সুপেরিয়র শহরের পশ্চিমে প্রায় ৩৭০ টি এবং ওল্ড টাউন এলাকায় ২১০ বাড়ি জ্বলে গেছে। একটি শপিং কমপ্লেক্স এবং হোটেলও পুরোপুরি ভষ্মীভূত হয়েছে।

শেরিফ বলেন, আগুন নেভাতে গিয়ে অন্তত একজন এবং অন্য আরও ছয়জন আহত হয়েছে। আরও অনেকেই আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসন আশ্রয়হীন মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।