নতুন বছরে উত্তর কোরিয়ার কিমের চোখ ‘খাদ্য ও জীবনমান উন্নয়নে’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ক্ষমতার দশম বছর একটি ভাষণ দিয়ে শেষ করেছেন, সেখানে পারমাণবিক অস্ত্র বা যুক্তরাষ্ট্রের চেয়ে স্কুল ইউনিফর্ম ও দেশের একটি ট্রাক্টর ফ্যাক্টরি নিয়েই বেশি কথা বলেছেন।
শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তার ভাষণের যে সংক্ষিপ্তসার প্রকাশ করেছে তাতে এমনটিই দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) ৮ম কেন্দ্রীয় কমিটির ৪র্থ পূর্ণাঙ্গ বৈঠক সোমবার শুরু হয়ে শুক্রবার শেষ হয়। শেষ দিনে দেওয়া ভাষণে কিম বলেন, উত্তর কোরিয়া ‘কঠিন জীবন-মরণ লড়াইয়ের’ মুখোমুখি, তাই ২০২২ সালে তাদের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক উন্নয়নে ঝাঁপিয়ে পড়া ও ও জনগণের জীবনমানের উন্নয়ন।
উত্তর কোরিয়ার নেতা হিসেবে কিমের ক্ষমতা গ্রহণের দশম বর্ষপূর্তি ও এই বৈঠক একসঙ্গেই অনুষ্ঠিত হয়। ২০১১ সালে তার বাবার মৃত্যুর পর কার্যকরভাবে দেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি।
এর আগে নতুন বছরের প্রাক্কালে দেওয়া ভাষণগুলোকে বড় ধরনের নীতি ঘোষণা দিতে ব্যবহার করেছিলেন কিম। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততার ঘোষণা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এবারের ভাষণের যে সংক্ষিপ্তসার প্রকাশ করেছে সেখানে যুক্তরাষ্ট্রের কথা তেমনভাবে উল্লেখ ছিল না, শুধু আন্তঃকোরিয়া সম্পর্ক ও ‘বৈদেশিক সম্পর্ক’ নিয়ে কথা বলার সময় দুই-একবার এসেছিল।
কিমের ভাষণে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ই প্রাধান্য পেয়েছে। এতে দেশে কিম অথনৈতিক সঙ্কটের মুখে পড়েছেন এমন ধারণাই জোরদার হয়েছে। আগে থেকেই দেশটির সম্ভাব্য খাদ্য ও মানবিক সংকট নিয়ে সতর্ক করে আসছিল আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। মহামারী মোকাবেলায় নিজেদের আরোপ করা ‘সীমান্ত লকডাউন’ এর কারণে দেশটি আগের চেয়ে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
“আগামী বছর আমাদের দল ও জনগণের সামনে প্রধান কাজ হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া এবং রাষ্ট্রের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা,” ভাষণে কিম এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
ভাষণের অধিকাংশ সময়জুড়েই কিম জনগণের খাদ্যের যোগান দেওয়ার জন্য উচ্চভিলাষী গ্রাম উন্নয়ন পরিকল্পনা, স্কুল ইউনিফর্ম এবং ‘অসামজতান্ত্রিক অভ্যাস’ দমনের মতো অভ্যন্তরীণ ইস্যু নিযে কথা বলেছেন।
অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির মুখে জাতীয় প্রতিরক্ষাকে শক্তিশালী করারও ডাক দিয়েছেন তিনি।
