চীনের শিয়ানে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সংক্রমণ অব্যাহত
চীনের এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর শিয়ানে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও কোভিডের সংক্রমণ থামানো যায়নি।
মঙ্গলবার শিয়ানে রোগ লক্ষণসহ স্থানীয়ভাবে সংক্রমিত ১৫১ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন চীনজুড়ে শনাক্ত হওয়া ১৫২ জন রোগীর মধ্যে একজন বাদে সবাই শিয়ানে শনাক্ত হয়েছে।
এতে ৯ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে নগরীটিতে স্থানীয়ভাবে সংক্রমিত প্রায় ১০০০ রোগী শনাক্ত হল। তবে এখানে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্তের কোনো ঘোষণা আসেনি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বুধবার শহরটিতে চলা লকডাউন সপ্তম দিনে প্রবেশ করেছে। শহরটির অধিকাংশ বাসিন্দাই তাদের বাড়ি ছেড়ে বের হতে পারছেন না। তারা কর্তৃপক্ষের সরবরাহ করা প্রয়োজনীয় পণ্যের ওপর নির্ভর করে দিন কাটাচ্ছেন।
বিশ্বের অন্য অনেক এলাকার তুলনায় শিয়ানের প্রাদুর্ভাব ছোট হলেও কর্তৃপক্ষ ২৩ ডিসেম্বর থেকে শহরের ভেতরে ভ্রমণ ও শহর ছেড়ে যাওয়ার ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে। প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণের জন্য জাতীয়ভাবে জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা হচ্ছে।
শিয়ানের স্থানীয় সরকার সোমবার থেকে মহামারী নিয়ন্ত্রণ আরোপ করা বিধিনিষেধ আরও কঠোর করে লোকজনকে জরুরি কেনাকাটার জন্য ঘর থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়াও বন্ধ করে দিয়েছে।
তারা জানিয়েছে, গণ শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসার পর কম ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনের জন্য ব্যক্তিগত কেনাকাটা আবার শুরু করা অনুমতি দেওয়া হতে পারে, কিন্তু বাড়িতে অবস্থান করার আদেশ কবে তুলে নেওয়া হতে পারে তা নির্দিষ্ট করে জানায়নি।
এতে তাজা পণ্য পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় থাকা কিছু বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিযোগ জানিয়েছে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ানের বেশ কয়েকটি এলাকার স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের কাছে মুদি পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া শুরু করেছে।
রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ বুধবার থেকে শহরজুড়ে নতুন করে আরেক রাউন্ড পরীক্ষা শুরু করেছে।
মঙ্গলবার চীনের মূলভূখণ্ডে নতুন কোনো কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়নি, এতে দেশটিতে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৩৬ জনে অপরিবর্তিত আছে।
মঙ্গলবার পর্যন্ত চীনের মূলভূখণ্ডে রোগ লক্ষণযুক্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৮৩ জনে দাঁড়িয়েছে, এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত ও বিদেশ থেকে সংক্রমিত হয়ে আসা রোগীরাও আছেন।
