কোভিড: উপসর্গবিহীন রোগীদের আইসোলেশনের সময় কমাল যুক্তরাষ্ট্র
কোভিড-১৯ এ আক্রান্ত উপসর্গবিহীন রোগীদের জন্য আইসোলেশনের সময় ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করেছে যুক্তরাষ্ট্র ।
সোমবার সেন্টারস্ ফর ডিজিজি কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, আইসোলেশনের পর উপসর্গবিহীন আক্রান্তদের আরও ৫ দিন অন্যান্যদের আশপাশে থাকার সময় মাস্ক পরে থাকতে হবে।
ভাইরাসের সংস্পর্শে আসা লোকজন যারা টিকা নেয়নি অথবা বুস্টার ডোজের জন্য অপেক্ষা করছে তাদের ৫ দিন কোয়ারেন্টিনে থাকার ও এরপর আরও ৫ দিন মাস্ক ব্যবহারের জন্য সুপারিশ করেছে সিডিসি।
আর যারা বুস্টার ডোজ গ্রহণ করেছেন তারা ভাইরাসের সংস্পর্শে এলেও তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না কিন্তু ১০ দিন মাস্ক পরে থাকতে হবে বলে জানিয়েছে তারা।
সিডিসির ভাষ্য অনুযায়ী, আইসোলেশনে সংক্রামক রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ লোকদের থেকে পৃথক করে রাখা হয় আর কোয়ারেন্টিনে সংক্রামক রোগের সংস্পর্শে আসা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে কিনা তা দেখার জন্য তাকে পৃথক করে তার চলাফেরা সীমিত করে রাখা হয়।
সিডিসির পরিচালক রোসেল ওয়েলনস্কি বলেছেন, “ভাইরাসটির বিস্তার এবং টিকা ও বুস্টার ডোজের মাধ্যমে পাওয়া সুরক্ষা সম্পর্কে আমরা যা জেনেছি তার সঙ্গে আইসোলেশন ও কোয়ারেন্টিনের সঙ্গতি সাধনের জন্যই এসব সুপারিশ করেছে সিডিসি।”
যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের ৭৩ শতাংশই এখন ওমিক্রন আক্রান্ত বলে গত সপ্তাহে জানিয়েছিল সিডিসি।
যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজসহ পুরোপুরি টিকা নেওয়া লোকজনও এখন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে আর আর দিন দিন তাদের সংখ্যা বাড়ছে । তবে এসব লোকের ক্ষেত্রে ওমিক্রন মৃদু উপসর্গের কারণ হচ্ছে আর কারও কারও মধ্যে কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
হোয়াইট হাউসের চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি চলতি সপ্তাহের প্রথমদিকে সিএনএনকে বলেছেন, সিডিসির ১০ দিনের কোয়ারেন্টিন প্রস্তাবের সময় হ্রাস উপসর্গবিহীন লোকদের যথাযথ সতর্কতা অবলম্বন করে কাজে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে সহায়তা করবে।
