২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংক্রমণ বাড়ায় লকডাউনে চীনের শিয়ান

কোভিড-১৯ রোগী সংখ্যা বাড়তে থাকায় চীনের এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর শিয়ানের কর্তৃপক্ষ শহরের ভেতর চলাফেরা এবং বাইরে বের হওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 04:55 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

১৭ ডিসেম্বর থেকে টানা ছয়দিন শহরটিতে স্থানীয়ভাবে সংক্রমিত ও উপসর্গ আছে এমন শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা গেছে।

সব মিলিয়ে শিয়ানে ৯ থেকে ২২ ডিসেম্বরের মধ্যেই স্থানীয়ভাবে সংক্রমিত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। অবশ্য চীনের বাইরে অন্যান্য প্রাদুর্ভাবের ক্ষেত্রে যে পরিমাণ রোগী দেখা যাচ্ছে, তার তুলনায় এই সংখ্যা অনেক কম।

শহরটিতে এখন পর্যন্ত কারও দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কোথাও হালকা প্রাদুর্ভাব দেখা দিলে, সেখান থেকে ভাইরাস যেন অন্যত্র ছড়াতে না পারে তা নিশ্চিতে বেইজিংয়ের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে শিয়ানের কর্তৃপক্ষও এমন সব পদক্ষেপ নিয়েছে, যা বাসিন্দাদের শহরটির বাইরে যাওয়া কষ্টসাধ্য করে তুলেছে।

এখন যারা শহরটির বাইরে যেতে চান তাদেরকে কোভিড শনাক্তকরণ পরীক্ষায় ‘নেগেটিভ’ ফল আসার প্রমাণপত্র এবং নিয়োগকর্তা বা স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনপত্র দেখাতে হচ্ছে।

দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে, রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ট্যাক্সি বা গাড়িতে করে শহরের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। মহাসড়কগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে, যেন তারা বাইরে যেতে ইচ্ছুকদের বুঝিয়ে নিরস্ত করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় ট্রাফিক পুলিশের দেওয়া ভিডিওতে শিয়ানের মহাসড়কগুলোর কিছু কিছু অংশ প্রায় ফাঁকা দেখানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে শিয়ানের প্রতিটি ঘরের একজন প্রতি দুইদিন অন্তর জরুরি কেনাকাটার জন্য ঘরের বাইরে বের হতে পারবেন; জরুরি প্রয়োজনীয় কাজ না থাকলে পরিবারের অন্যরা বাড়ির বাইরে বের হতে পারবেন না।

বৃহস্পতিবার শিয়ানগামী কিংবা শিয়ান থেকে যাত্রার সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ভেরিফ্লাইটের দেওয়া তথ্যে জানা গেছে। যদিও শিয়ান থেকে অন্যত্র যাওয়ার শুক্রবারের ফ্লাইটগুলো এখনও বাতিল হয়নি বলে অনলাইন ট্রাভেল বুকিং অ্যাপগুলোতে দেখা যাচ্ছে।

বাসিন্দাদের কোভিড শনাক্তে অন্তত দুই দফা গণপরীক্ষা কার্যক্রম চালিয়েছে শিয়ান।

শহরটিতে সংক্রমণ বৃদ্ধির এ চিত্র দেখে সিচুয়ান প্রদেশ ও চংকিং শহরের মতো চীনের অন্য অনেক এলাকাতেই শিয়ান থেকে যাওয়া ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার দাবি উঠেছে।

বুধবার চীনের মূল ভূখণ্ডে উপসর্গ আছে এবং স্থানীয়ভাবে সংক্রমিত ৭১ কোভিড রোগী শনাক্ত হয়েছে, এর ৬৩ জনই শিয়ানে মিলেছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে।

সব মিলিয়ে বুধবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪৪ জনে। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।