২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে বিধ্বস্ত হেলিকপ্টার, ১২ ঘণ্টা সাঁতরালেন মন্ত্রী

সমুদ্রে উদ্ধার অভিযান পরিদর্শনে গিয়ে বিধ্বস্ত হয় মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রীর হেলিকপ্টার। কিন্তু দুর্ঘটনায় বেঁচে যান মন্ত্রী। এরপর প্রায় ১২ ঘণ্টা সাঁতরে নিরাপদে কূলে পৌঁছান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 08:09 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

স্ট্রেচারে শুয়ে পরিশ্রান্ত মন্ত্রী বলে ওঠেন, "আমার মরার সময় এখনও হয়নি।" তার সঙ্গে একই হেলিকপ্টারে থাকা আরও দুই নিরাপত্তা কর্মকর্তাও দুর্ঘটনায় বেঁচে গেছেন।

বিবিসি জানায়, সোমবার রাতে মাদাগাস্কারের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী জাহাজডুবির স্থান পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী সের্গে গেলে। সেখানেই বিধ্বস্ত হয় তিনি এবং তার সহযাত্রীদেরকে বহনকারী হেলিকপ্টার।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছ অন্তত ৪৫ জনকে।

টুইটারে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দুর্ঘটনায় মারা যাওয়াদের জন্য শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বেঁচে ফেরা মন্ত্রী সের্গে গেলে এবং অপর দুই কর্মকর্তাকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। ৫৭ বছর বয়সী মন্ত্রী সের্গে গেলে মঙ্গলবার জানান, তাদের হেলিকপ্টারটি বাতাসের ঝাপটায় নিচে নেমে আসে এবং তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত সাঁতার কেটে সমুদ্র উপকূলবর্তী শহর মাহামবোতে পৌঁছান।

শারীরিকভাবে কোনও আঘাত না পেলেও পুরোটা সময় প্রচণ্ড ঠান্ডা অনুভব করেছেন বলে জানান মন্ত্রী সের্গে গেলে। মাহামবোর স্থানীয় বাসিন্দাদের তিনি বলেন, "আমি চাই আপনারা এই ভিডিও প্রচার করুন, যাতে আমার পরিবার এবং সহকর্মীরা দেখতে পায় যে, আমি জীবিত আছি, ভাল আছি।"

উত্তাল সমুদ্রে এত দীর্ঘ সময় ভেসে থাকার জন্য মন্ত্রী হেলিকপ্টারেরই একটি আসন ব্যবহার করেছিলেন।

পুলিশ প্রধান জাফিসামবতরা রাভোভি বলেছেন, "তিনি (মন্ত্রী) বরাবরই খেলাধুলায় দুর্দান্ত, মন্ত্রী হয়েও তিনি ফিটনেস ধরে রেখেছেন। এখনও যেন ৩০ বছরের যুবা তিনি। বিপদে ধৈর্য্য ধারনের অসাধারণ ক্ষমতা আছে তার।"

গত অগাস্টে মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিন দশক ধরে মাদাগাস্কারের পুলিশ বাহিনীতে কাজ করেছেন সার্গে গেলে।