২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী একটি ভূমিকম্প হলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 01:10 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

সোমবার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষগুলো জানায়, উত্তর ক্যালিফোর্নিয়ার কেইপ মেনডেসিনো এলাকার উপকূলীয় সাগরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি হয়েছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়ালেও কয়েকটি ভবনের গ্লাস ভেঙে পড়া এবং তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া ছাড়া তেমন কোনো গুরুতর ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও হামবোল্ট কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার হামবোল্ট কাউন্টির লস্ট কোস্ট অঞ্চলের পাথুরে প্রান্ত বরাবর ক্ষুদ্র গ্রাম পেট্রোলিয়া থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের ৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভুকম্পনবিদ লুসি জোনস এক টুইটার পোস্টে জানান, সাগর তলের ফল্ট সিস্টেমে ভূমিকম্পটির উৎপত্তি আরও ওই সিস্টেমের ধরনের কারণেই সুনামির সতর্কতা জারি করা হয়নি।

হামবোল্ট কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র সামান্থা কার্গেস এক ইমেইলে বার্তা সংস্থার রয়টার্সকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় বেলা ১২ টা ১০ মিনিটে ভূমিকম্পটি হয়। ওই অঞ্চলটিতে জনবসতি বিরল হওয়ায় কাউকে সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

কার্গেস জানান, রাস্তাঘাটের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষা করতে কর্মী ও অন্যান্যদের নির্দেশ দেওয়া হয়েছে। ভূকম্পনের কারণে পাথর ভেঙে রাস্তায় পড়ায় দুটি রাস্তা বন্ধ ছিল বলেও জানিয়েছেন তিনি।

টুইটারে তার বিভাগ জানিয়েছে, দক্ষিণের উপকূল বরাবর অসংখ্যবার পরাঘাত রেকর্ড করা হয়েছে।

এর আগে ১৯৯২ সালে এই অঞ্চলে একাধিক ভুমিকম্পের ফলে প্রায় ১১০০ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে লস অ্যাঞ্জেলস টাইমসের রিপোর্টে বলা হয়েছিল।

১৯৯২ সালের ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৭ দশমিক ২ মাত্রার ছিল, সোমবারের ভূমিকম্পের চেয়ে তা প্রায় ১০ গুণ বেশি শক্তিশালী ছিল।