২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য থেকে ভ্রমণকারীদের জন্য জার্মানির বিধিনিষেধ, থাকতে হবে কোয়ারেন্টিনে

যুক্তরাজ্য থেকে আগত ভ্রমণকারীদের জন্য সোমবার মধ্যরাত থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করছে জার্মানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 07:08 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

এ নিয়মে জার্মানিতে ঢুকতে হলে ভ্রমণকারীদেরকে দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। সেইসঙ্গে দেখাতে হবে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ।

শনিবার জার্মানির সংক্রামক রোগ বিষয়ক রবার্ট কখ ইনস্টিটিউট একথা জানিয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটিকে ‘ভাইরাস-ভ্যারিয়েন্ট’ শ্রেনীভুক্ত করেছে জার্মানি।

শনিবার এক বৈঠকে জার্মানির বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা যুক্তরাজ্যকে ‘ভাইরাস-ভ্যারিয়েন্ট এলাকা’ হিসাবে চিহ্নিত করা এবং সব ভ্রমণকারীর জন্য অর্থাৎ, যারা টিকা নিয়েছেন তাদের জন্যও দুই সপ্তাহের কোয়ারেন্টিনের নিয়ম চালু করতে বার্লিন সরকারকে আহ্বান জানান।

মন্ত্রীরা এক বিবৃতিতে বলেন, "যুক্তরাজ্যে ওমিক্রনের বিস্তার খুবইপ্রকট… যতটুকু সম্ভব আমাদেরকে এ বিস্তার ঠেকাতে হবে এবং যতটা সম্ভব বিস্তারের গতি কমিয়ে দিতে হবে।"

যুক্তরাজ্যে গত তিন দিনে দৈনিক রেকর্ড সংখ্যক মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শুক্রবার এ সংখ্যা ৯০ হাজারে পৌঁছায়।

তাছাড়া, অক্টোবর এবং নভেম্বরেও জার্মানিতে কোভিড সংক্রমণ লাফিয়ে বেড়েছে। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে। গত শুক্রবার দেশটিতে ৫০.৯৬৮ জনের কোভিড শনাক্ত হয়েছে।