সংক্রমণ বাড়ায় বেশিরভাগ কর্মীকে অফিসে আসতে মানা সিএনএনের
যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড-১৯ রোগী বাড়তে থাকায় সংবাদমাধ্যম সিএনএন দেশটিতে তাদের অফিসগুলোতে জরুরি নয় এমন সব কর্মীকে আসতে মানা করেছে।
কর্মীদের কাছে লেখা অভ্যন্তরীণ এক মেমোতে শনিবার এই নির্দেশনা দেওয়া হয়েছে; মেমোটি দেখার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এটিঅ্যান্ডটি’র ওয়ার্নার মিডিয়া বিভাগের অংশ সিএনএন অফিসে কাজ নেই এমন সকল কর্মীদের জন্য অফিস বন্ধ করতে যাচ্ছে, বলা হয়েছে ওই মেমোতে।
“সাবধানতার জন্যই আমরা এমনটা করছি; লোক কমিয়ে আনার এই নির্দেশনা অফিসে যারা থাকবে তাদেরও সুরক্ষা দেবে,” মেমেতো এমনটাই বলেছেন সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার।
যাদের অফিসে আসার দরকার হবে, তাদের সার্বক্ষণিক মাস্ক পরে থাকতে হবে, বলেছে সিএনএন।
লোকজনের উপস্থিতি কমাতে তারা তাদের স্টুডিও ও নিয়ন্ত্রণ কক্ষগুলোতেও (কন্ট্রোল রুম) পরিবর্তন আনতে যাচ্ছে বলেও মেমোতে জানানো হয়েছে।
সিএনএন যে বেশিরভাগ কর্মীকে অফিসে আসতে মানা করেছে, ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর দেয়।
সংবাদমাধ্যমটি অফিসে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে জানুয়ারির একটি দিনকে বেছে নিলেও সেটিও বদলাবে কিনা ওয়াল স্ট্রিট জার্নালকে তা জানাতে পারেননি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি।
অফিস যেতে কিংবা অন্য সহকর্মীদের সঙ্গে মাঠে কাজ যাওয়ার ক্ষেত্রেও কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করেছে সিএনএন।
তারা অগাস্টে টিকা না নিয়ে অফিসে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্তও করেছিল।
