আফগানিস্তান থেকে উইসকনসিন: শরণার্থীদের নতুন জীবনের স্বপ্ন
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর মার্কিন বাহিনীকে সহযোগিতা করা লক্ষাধিক আফগান নাগরিকের জন্য একটি কঠিন সঙ্কটময় মুহূর্ত হাজির হয়। আফগানিস্তানের সেসব নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার স্বপ্নের পথে তাদের অবিশ্বাস্য যাত্রা উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদন।
সাংবাদিক আনিসা শহিদের করা প্রতিবেদনটিতে এসব আফগান শরণার্থীর দেশে ফেলে আসা প্রিয়জনদের গল্পও উঠে এসেছে।
অগাস্টে যখন কাবুল বিমানবন্দরের একটি গেইট পার হওয়া ‘ভূমধ্যসাগর পাড়ি দেয়ার মত’ বিপজ্জনক ছিল তখন প্রায় এক লাখ ৫০ হাজার আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের বিমানে উঠে নতুন স্বপ্নের পথ পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন।
তাদের মধ্যে প্রায় ১৩ হাজার আফগান যুক্তরাষ্ট্রের দক্ষিণ উইসকনসিনের একটি সামরিক ঘাঁটিতে বসতি স্থাপনের ক্ষেত্রে প্রতিকূলতা অনেকটাই কাটিয়ে উঠেছেন।
সাকিনা তাদের মধ্যে একজন যিনি কাবুলের দুঘবাদ জেলার একটি বেসরকারি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন।
কাঁদতে কাঁদতে তিনি তালেবানের কাবুল দখলের দিনের কথা স্মরণ করছিলেন। সেদিন সাত-আটজন তালেবান সদস্য ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে প্রথমে পরিচালককে একটি একে৪৭ রাইফেল দিয়ে আঘাত করে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। কিছুক্ষণ পর আতঙ্কিত শিশুদেরকে তাদের পরিবারের লোকজন এসে বাড়িতে নিয়ে যায়।
ওইদিনই সন্ধ্যায় তার বাড়িতে একটি ঘটনার পর সাকিনা অনুভব করেন, তাকে এখান থেকে পালাতে হবে। তালেবান পরিচয়ধারী চারজন লোক তাদের বাড়িতে আক্রমণ চালায়, তাদের দু’জন তাকে এবং তার স্বামীকে ধরে রাখে আর অন্য দু’জন তার ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার এবং কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সেদিনের মত তারা রক্ষা পায়।
হামলা ও ধরে নিয়ে যাওয়ার ভয় তাদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করে।
মার্কিন বাহিনীর সহযোগিতায় তারা কাবুল বিমানবন্দরে ঢোকার মুখে বোমা হামলার শিকার হয়। এ বিস্ফোরণে ৯৫ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়। আহতদের মধ্যে তার স্বামীও ছিল, বিস্ফোরণে তার তিনটি আঙ্গুল উড়ে যায় ও পরে একটি পা কেটে বাদ দিতে হয়।
স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া সাকিনা তার ছয় সন্তানসহ দুই দিন বিমানবন্দরে অপেক্ষা করেন। পরে একটি মার্কিন সামরিক বিমানে উঠতে সক্ষম হন, সেটি তাদের কাতার নিয়ে যায়। কিন্তু এর আগে বিমানবন্দরের বিশৃঙ্খলার মধ্যে তার একটি কিশোরি মেয়ে হারিয়ে যায়, মেয়েকে ছাড়াই রওনা হওয়ার মত কঠিন সিদ্ধান্ত নেন তিনি।
পরে জানতে পারেন যে তার মেয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে। সৌভাগ্যক্রমে সে এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থান করছে এবং তাকে উইসকনসিনে তার মার কাছে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত এরকম প্রত্যেকটি গল্পেরই কিছু অনন্য বৈশিষ্ট রয়েছে। কিন্তু সবাই তাদের প্রিয়জনদের ফেলে আসার কষ্টে জর্জরিত বলে জানিয়েছেন। আফগানিস্তানের যেন মঙ্গল হয়, এই প্রত্যাশা তাদের।
উইসকনসিনের সামরিক ঘাঁটিটিতে আশ্রয় নেওয়া অনেকেই আফগান সেনাবাহিনীর সাবেক সদস্য ও তাদের পরিবারের লোকজন। তারা যদি এখনও আফগানিস্তানে অবস্থান করত তাহলে তালেবানরা তাদেরকে শত্রুর সহযোগী হিসেবে দেখত। প্রতিশোধ নিতে হয়ত তাদের উপর নিপীড়ন-নির্যাতন চালানো হতো, এমন ভেবে তারা আতঙ্কিত বোধ করেন।
অনেকেই তাদের কাজ এবং আফগানিস্তানের ব্যাপারে কথা বলতে অনিচ্ছুক। অনেকেই বলছেন, যদি তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হত তাহলে তালেবানরা কখনই সরকারকে উৎখাত করতে পারত না। কেউ কেউ ফিরে গিয়ে আফগানিস্তানকে রক্ষা করতে চান। কিন্তু অন্যরা যুদ্ধ করতে করতে ক্লান্ত, এমনটি জানিয়ে বলেন, তারা আর অস্ত্র ধরতে চান না।
উইসকনসিনের ম্যাককয় দুর্গের সামরিক ঘাঁটিটিতে আশ্রয় নেওয়া আফগানদের সবারই গল্পগুলো এরকম বেদনাবিধুর। অনেকের পরিবারের সদস্যরা তালেবানের হাতে বন্দি, আর কেউ কেউ দিন কাটাচ্ছেন আত্মগোপনে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রাইভেট রেডিও স্টেশনে কাজ করতেন আহমাদ শাহ আরিয়ান। তিনি জানান, তালেবানরা তার এক ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সেনাবাহিনীর কমান্ডার আরেক ভাই আত্মসমর্পন না করলে তারা তাকে ছাড়বে না বলে জানায়।
বেসামরিক নাগরিকদের উপর তালেবানের নৃশংসতার কথা বলতে গিয়ে আরিয়ান বলেন, তার এক ভাগ্নি কয়েক বছর আগে বাগলান আদালতে তার স্বামীকে তালাক দিয়েছিল। এখন তিনি (তালেবান কর্মী) যোহরা’র বাবা এবং ভাইকে ধরে নিয়ে গেছেন এবং ফের যদি যোহরা তাকে (তালাক দেওয়া স্বামীকে) বিয়ে না করেন তাহলে তাদেরকে ছাড়া হবে না বলে জানায়।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ে ২২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা ৫৫ বছর বয়সী ‘হাওয়া’ নিশ্চিত জীবনের খোঁজে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন। তার দুই মেয়েও একই বিভাগে কর্মরত ছিলেন। তার স্বামী এবং দুই ছেলেও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিল বলে তিনি জানান।
তালেবান ক্ষমতায় আসার আগে তার মেয়ে সানা কাবুলের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্য সেবার গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিল বলে জানান হাওয়া। সানার পুলিশ অফিসার স্বামী কাবুল থেকে পানশীরে যান তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনীতে যোগ দিতে। কিন্তু তালেবান পানশির দখল করে নেওয়ার পর তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন কেউ কোন খোঁজ দিতে পারেনি। সানার স্বামী নিখোঁজ হওয়ার পর সানা তার দুই সন্তান নিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করছেন।
পরিবারের সদস্যদের মধ্যে শুধু হাওয়া এবং তার এক মেয়ে মারজান কাহমাদির যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।
নিরাপত্তা মন্ত্রনালয়ে যুক্ত হওয়ার আগে মারজান একজন সেবিকা হিসেবে কাজ করতেন। আফগানিস্তান ছেড়ে আসা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি আফগানিস্তানে মানুষের সেবা করতে চেয়েছিলাম আর আমি একদিন ফিরে যেতে চাই।“
কিন্তুরা অন্যরা এখানে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন।
‘মুজিবজাদেহ তালাশ’ নামের নানগারহারের একজন সৈনিক তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ যুক্তরাষ্ট্রে পালাতে সক্ষম হন। মুজিবজাদেহ শুধু মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন এবং তার স্ত্রী নিরক্ষর। তার দুই মেয়ে এবং দুই ছেলে নানগারহারে স্কুলে যেত। যুক্তরাষ্ট্রে সে কাজ করবে, কিন্তু তার স্ত্রী এবং সন্তানেরা পড়াশুনা করবে বলে জানিয়েছেন তিনি।
