টাইফুন রাইয়ে ফিলিপিন্সে ৩১ মৃত্যুর আশঙ্কা
সৃপার টাইফুন রাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়াতে পারে, এমন আশঙ্কা করছে ফিলিপিন্সের দুর্যোগ সংস্থা।
উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর পর এবং যোগাযোগ লাইনগুলো পুনঃস্থাপিত হওয়ায় আরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এতে মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় তিন গুণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে তারা।
শনিবার এক বিবৃতিতে দুর্যোগ সংস্থাটি জানিয়েছে, টাইফুনের কারণে চার জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাই চলতি বছর ফিলিপিন্স দ্বীপপুঞ্জে আঘাত হানা ১৫তম টাইফুন এবং সবচেয়ে প্রাণঘাতী ক্রান্তীয় ঝড়গুলোর একটি।
ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে বৃহস্পতিবার সাগর থেকে দ্বীপপুঞ্জটির স্থলভাগে উঠে আসে রাই। এর তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়, বিদ্যুৎ ও যোগাযোগ লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শনিবার দেশটির প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা ছিল। শক্তিশালী এ ঝড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
“স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন নই; আমার ভয় অনেক মানুষ মারা যেতে পারে,” বলেছিলেন তিনি।
এর আগে প্রাথমিকভাবে পাওয়া খবরের ভিত্তিতে ১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থার আন্ডারসেক্রেটারি রিকার্ডো জালাদ।
পাঁচ মাত্রার টাইফুন হিসেবে ফিলিপিন্সে আঘাত হানা রাই বৃষ্টি ঝরিয়ে ক্রমাগত দুর্বল হয়ে শনিবার দেশটি অতিক্রম করে ফের সাগরে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।
রাইয়ের প্রভাবে ফিলিপিন্সের বেশ কয়েকটি বন্দর অচল হয়ে পড়ে, বাতিল হয় শতাধিক ফ্লাইট। বিভিন্ন অঞ্চলে গণটিকাদান কর্মসূচিও স্থগিত রাখতে কর্তৃপক্ষ বাধ্য হয়।
প্রায়ই শক্তিশালী ঝড় হয় ফিলিপিন্সে। বছরে গড়ে ২০ টি ঝড় আঘাত হানে এ দেশটিতে।
গতবছরের নভেম্বরে সুপার টাইফুন গনিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি দেখেছিল ফিলিপিন্স। ২০১৩ সালে টাইফুন হাইয়ানে নিহত হয়েছিল ছয় হাজারেরও বেশি মানুষ।
