দিল্লির আদালতে বিস্ফোরণের পেছনে ‘প্রতিরক্ষা বিজ্ঞানী’
ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার (ডিআরডিও) একজন বিজ্ঞানী প্রতিবেশী এক আইনজীবীকে মারতে আদালতে বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
১০ ডিসেম্বর দিল্লির একটি আদালতে ওই বিস্ফোরণটি ঘটানো হয়েছিল, এতে সেখানে দায়িত্বরত একজন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম।
শনিবার এক সংবাদ সম্মেলনে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানান, ঘটনার তদন্তে নামা পুলিশের স্পেশাল সেলের দলটি ঘটনার দিন দিল্লির রোহিনি আদালতে আসা হাজার খানেক গাড়ি পরীক্ষা করেন এবং সেখানকার ১২০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্যান করেন।
তদন্ত দল ওই দিন যেসব শুনানি হয় এবং যারা আদালতে এসেছিলেন, সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করে।
পুলিশ জানায়, ওই বোমায় বিস্ফোরক হিসেবে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় যা সহজেই সংগ্রহ করা যায়। তবে ওইদিন শুধু বোমাটির ডেটোনেটর বিস্ফোরিত হয়েছিল, নির্মাণ ত্রুটির কারণে মূল বিস্ফোরক অক্ষত ছিল; এমনটি না হলে বিস্ফোরণটি অনেক বড় হতো।
কালো ল্যাপটপ ব্যাগের ভেতরে একটি স্টিলের টিফিন বক্সে বোমাটি রাখা ছিল। ব্যাগটিতে মুম্বাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের লোগো ছিল যাদের দিল্লিতে একটি গুদাম আছে। তদন্তে ওই প্রতিষ্ঠানটিও সহযোগিতা করেছে।
বিস্তারিত তদন্তের পর ডিআরডিওর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক ভারত ভূষণ কাতারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কাতারিয়া আইনজীবীর ছদ্মবেশ আদালতে প্রবেশ করে বিস্ফোরণের পর সেখান থেকে সরে পড়েন।
তদন্তে দেখা যায়, কাতারিয়ার সঙ্গে তার প্রতিবেশী আইনজীবী অমিত বশিষ্ঠের অনেকদিন ধরে বিরোধ চলছে এবং তার একে অপরের বিরুদ্ধে পানি সরবরাহসহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি মামলা করেছেন।
পুলিশ জানায়, বশিষ্ঠকে মারতে বোমা রাখার জন্য ওই দিন আদালতে গিয়েছিলেন কাতারিয়া।
বিস্ফোরক নিয়ে কাতারিয়া কীভাবে আদালত প্রাঙ্গণে প্রবেশ করলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে বোমা বিস্ফোরণের কাজে ব্যবহৃত রিমোট কন্ট্রোল ও অন্যান্য উপাদান কিনেছিলেন তা জানতে পেরেছে পুলিশ। তবে তিনি বিস্ফোরক কোথা থেকে যোগার করেছিলেন তা পরিষ্কার হয়নি, বিষয়টি এখন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
