২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

সুপার টাইফুন ‘রাই’ এর কবলে ফিলিপিন্স

এবছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাইয়ের কবলে পড়েছে ফিলিপিন্স। জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 11:49 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

বৃহস্পতিবার ৫ ক্যাটাগরির এই টাইফুনের প্রভাবে আকস্মিক বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আওহাওয়া দপ্তর। আসন্ন বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।

বিবিসি জানায়, সিরগাওয়ের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং যোগাযোগ লাইনে বিঘ্ন ঘটেছে। জাতিসংঘ বলছে, এই টাইফুনে ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এরই মধ্যে ঝড় আরও ভয়ঙ্কর রূপ ধারণ করার আশঙ্কায় বাতিল হয়ে গেছে অনেক ফ্লাইট, বন্ধ হয়ে গেছে বন্দর।

আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস (আইএফআরসি) এর স্থানীয় প্রধান আলবার্তো বোকানেগ্রা বলেছেন, “উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য ভয়ঙ্কর হুমকি সৃষ্টি করেছে এই দনবীয় ঝড়।”

স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে উপকূল রক্ষীরা সেখানকার লোকজনদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে সহায়তা করছেন। ঝড়ে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানায়নি কর্তৃপক্ষ।

ফিলিপিন্সে প্রায়ই শক্তিশালী ঝড় হয়। বছরে গড়ে ২০ টি ঝড় দেশটিতে আঘাত হানে। গতবছর নভেম্বরেও আরেক সুপার টাইফুন গনিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটেছিল ফিলিপিন্সে।

এর আগে ২০১৩ সালে টাইফুন হাইয়ানে দেশটিতে নিহত হয়েছিল ৬ হাজারেরও বেশি মানুষ। ওই সময়ের পর থেকে এবারের টাইফুন রাই সবচেয়ে শক্তিশালী ঝড়।