কয়লাখনি বন্ধে একদল কিশোর-কিশোরী ও এক নানের চেষ্টা
অস্ট্রেলিয়ায় একটি কয়লাখনির সম্প্রসারণ বন্ধে আইনি লড়াইয়ে জিতে চলতি বছরের মাঝামাঝি হইচই ফেলে দিয়েছিল দেশটির ৮ কিশোর-কিশোরী ও ৮৭ বছর বয়সী এক নান।
সরকার এখন ওই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
তবে চূড়ান্ত রায় নান ও কিশোর-কিশোরীদের পক্ষে গেলে তার প্রভাব কেবল অস্ট্রেলিয়ার আইনে নয়, বিশ্বজুড়ে জলবায়ু সংক্রান্ত সব মামলার ওপরই পড়বে বলে মনে করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, মে মাসে সিডনির আদালত থেকে যখন জলবায়ু সংক্রান্ত মামলাটির রায় সরাসরি সম্প্রচারিত হচ্ছিল, তখন মেলবোর্নের স্কুলে অর্থনীতির ক্লাস করছিল বাদীদের একজন অঞ্জলি শর্মা। রায়ের পরও তেমন কিছু বুঝে উঠতে পারছিল না সে।
“আমার কাছে সব অর্থহীন শব্দের মতো লাগছিল। আসলে কী হয়েছে তা বুঝতে আমার আইনি দলের কাছ থেকে ব্রিফিং নেওয়া লেগেছিল,” বলে শর্মা।
ওই রায় ১৭ বছর বয়সী শর্মা ও আরও ৭ কিশোরবয়সীকে ইতিহাসে স্থান করে দেয়। তাদের সঙ্গে নাম নিতে হবে ৮৭ বছর বয়সী নান ব্রিজিদ আর্থারেরও, যিনি এই কিশোর-কিশোরীদের আইনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন।
এই ৯ জন অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী সুসান লি-কে আদালত পর্যন্ত নিয়ে যায় এবং জয়লাভ করে।
নিউ সাউথ ওয়েলসের ভিকারি কয়লাখনি সম্প্রসারণ বন্ধের চেষ্টায় মামলাটি করা হয়। খনিটির সম্প্রসারণ বায়ুমণ্ডলে আরও ১৭ কোটি টন জীবাশ্ম জ্বালানি যোগ করবে।
মামলাটির বিচারক মর্ডি ব্রুমবার্গ তার আদেশে বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ভবিষ্যৎ ক্ষতি থেকে তরুণদের রক্ষা সরকারের দায়িত্ব। এর মাধ্যমে সরকারের এ ধরনের দায়িত্বের বিষয়টি বিশ্বে প্রথম স্বীকৃত হল।
বিচারক ব্রুমবার্গ অবশ্য তার রায়ে খনির সম্প্রসারণ বন্ধে কোনো আদেশ দেননি। তিনি বলেন, সুসান লি খনিটি সম্প্রসারণের অনুমতি দেবেনই এমন কোনো প্রমাণ আদালতের হাতে নেই। যে কারণে সম্প্রসারণ বন্ধের আদেশ দিলে তা অনুমাননির্ভর হয়ে যাবে।
তখনও খনিটি সম্প্রসারণে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সেপ্টেম্বরে লি ভিকারি কয়লা খনি ও আরও তিনটি খনি সম্প্রসারণের অনুমতি দেন; সরকার শর্মাদের পক্ষে যাওয়া মামলার রায়ের বিরুদ্ধে আপিলও করেছে, যার রায় শিগগিরই পাওয়া যাবে।
ভিকারি খনি সম্প্রসারণে অনুমতি দেওয়ার পেছনে সরকারের যুক্তিও অদ্ভুত। তারা বলছে, যদি এই কয়লা প্রকল্পটির অনুমোদন নাও দেওয়া হয় তাতেও বায়ুমণ্ডলে মোট নির্গত কার্বনের হিসাবে তেমন কোনো হেরফের হবে না। বাজারে কয়লার চাহিদা থাকায় কেউ না কেউ ঠিকই যোগান দেবে।
“অন্যভাবে এটি মাদক কারবারিদের যুক্তি হিসেবেও পরিচিত। ভাবনাটা এমন, আমি যদি কারবার না করি, অন্য কেউ করবে,” বলছেন মামলায় শর্মাদের হয়ে লড়া আইনজীবী ডেভিড বার্নডেন।
মামলার রায় তাদের পক্ষে আসার পরও মন্ত্রীর খনি সম্প্রসারণে অনুমতি দেওয়াকে সিস্টার ব্রিজিদ দেখছেন ‘খানিকটা উসকানিমূলক’ হিসেবে।
এখানেই শেষ নয়, মামলায় নেমে একের পর এক হুমকিও পেতে হয়েছে অঞ্জলি শর্মাদের।
“অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম,যেগুলো খানিকটা ডানপন্থি ঘরানার বলে আমার মনে হয়,সেগুলো যখন আমাদের খবর প্রচার করত, তখন মন্তব্যগুলো পড়তে গিয়ে আমি দ্রুতই শিখে যাই যে সব মন্তব্য আসলে পড়তে হয় না,” বলেন শর্মা।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী অনেক সংবাদমাধ্যমই জলবায়ু নিয়ে আন্দোলন করাদের প্রতি সন্দেহ উসকে দিচ্ছে বলে ২০১৯ সালের এক প্রতিবেদনে উঠেও এসেছিল।
ওয়ান স্কাই নিউজ অস্ট্রেলিয়া’র একটি অনুষ্ঠানে উপস্থাপক, তরুন জলবায়ু কর্মীদের ‘স্বার্থপর’, ‘খারাপভাবে শিক্ষিত’ বলে মন্তব্য করেছিলেন। সিওটু কোয়ালিশন গ্রুপের প্রধান এই মন্তব্য শেয়ার করলে সেখানে ৪৫ হাজার লাইক পড়েছিল, রিটুইট হয়েছিল ১৬ হাজার বার।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি ও প্রভাব এখন এতটাই দৃশ্যমান যে তা সরাসরি অস্বীকার করতে না পেরে অনেকে এখন আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘ভণ্ডামির’ অভিযোগ এনে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতে চাইছে।
“মন্তব্যগুলো এরকম, ওহ সে ত জিনস পরছে, আমি নিশ্চিত সে জানে না একজোড়া জিনস তৈরি করতে কতটা পানির প্রয়োজন হয়।
“আপনি জানেন, তারা ঠিকই বলছে, আমার একজোড়া জিনস আছে। কিন্তু আমার একজোড়া জিনস না থাকা মানে ২০৩০ সালের মধ্যে অস্ট্রেলিয়ার কার্বন নির্গমন অর্ধেকে চলে আসা নয়,” বলেন শর্মা।
জলবায়ু সংক্রান্ত আন্দোলনে শর্মা ও অন্য ৭ জনের সঙ্গে পরিচিত হওয়া সিস্টার ব্রিজিদ তাদের কার্যক্রমে অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন।
“তাদের মধ্যে মাঝামাঝি কিছু নেই, সবকিছুই হয় কালো না হয় সাদা,” বলেন ৮৭ বছর বয়সী এ নান।
অস্ট্রেলিয়ার এ মামলাটির ফলাফল কেবল অস্ট্রেলিয়ার জন্য না বরং কপ২৬ পরবর্তী সময়ে সারা পৃথিবীর জন্যই একটি পরিবর্তনের ধারা নিয়ে আসতে পারে।
রায় কিশোর-কিশোরীদের পক্ষে এলে কয়লার ব্যবহার শূন্যে নিয়ে আসার পক্ষে আইনি সমর্থন জোরদার করবে এবং বিশ্বব্যাপী এই ধরনের আরও মামলার পথ খুলে দেবে। আর যদি সরকার আপিলে জিতে যায় তাহলে তা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আদালতের অবস্থানকে আরও দুর্বল করবে।
এখন চূড়ান্ত রায়ে কী ফল আসে, তাই দেখার অপেক্ষা।
