২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রমণ দলে কোভিড, আগেভাগেই এশিয়া সফর শেষ করলেন ব্লিনকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হঠাৎই দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষ করেছেন। তার সঙ্গে ভ্রমণে যাওয়া এক সাংবাদিকের কোভিড পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার পর তিনি সফর সংক্ষিপ্ত করেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2021, 10:40 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

ব্লিনকেন এরই মধ্যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় সফর শেষ করেছেন। ওয়াশিংটনে ফিরে যাওয়ার আগে বৃহস্পতিবার থাইল্যান্ড সফরের কথা ছিল তার। কিন্তু সেই সফর বাদ দিয়ে বুধবারই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, “আমরা আজ সকালেই নিয়মিত পিসিআর পরীক্ষার মধ্য দিয়ে জানতে পেরেছি যে, আমাদের সঙ্গে সফরে আসা সাংবাদিক দলের একজন সদস্য কুয়ালালামপুরে পৌঁছানোর পর কোভিড ‘পজিটিভ’ হয়েছেন।”

যুক্তরাষ্ট্রে ফেরার আগে ওই সাংবাদিককে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। তবে প্রাইস বলেছেন, ভ্রমণদলের এই সাংবাদিকের কোভিড শনাক্ত হলেও ব্লিনকেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত কোভিড পরীক্ষায় বুধবার ফল ‘নেগেটিভ’ এসেছে।

তারপরও কোভিড সংক্রমণের ঝুঁকি কমানো এবং যুক্তরাষ্ট্রের ভ্রমণদলের সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে ব্লিনকেন পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রাইস।

ব্যাংকক সফরে যেতে না পারার জন্য ব্লিনকেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর কাছে গভীর দুঃখও প্রকাশ করেছেন। প্রাইস জানান, “অ্যান্টনি ব্লিনকেন থাই পররাষ্ট্রমন্ত্রীকে শিগগিরই ওয়াশিংটন ডিসি সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বলেছেন, যত দ্রুত সম্ভব থাইল্যান্ড সফরে যাওয়ার অপেক্ষায় আছেন তিনি।”

চীনের বিরুদ্ধে একাট্টা হওয়ার চেষ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করতেই অঞ্চলটিতে এই প্রথম সফর করছিলেন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কিন্তু হঠাৎই সফরের ইতি টানায় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টা।