পুনাওয়ালা টিকা গবেষণা ভবন বানাতে অক্সফোর্ডকে টাকা দিচ্ছে সেরাম
ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা নিয়ে গবেষণায় একটি ভবন প্রতিষ্ঠায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ৬ কোটি ৬২ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এ খবর দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
অক্সফোর্ডের কাছে এ টাকাটা যাবে সেরামের লাইফ সায়েন্স ইনস্টিটিউটের মাধ্যমে। আর গবেষণা ভবনটির নাম হবে সেরামের মালিক পুনাওয়ালা পরিবারের নামে।
ভবনে নতুন ঠিকানা পাবে অক্সফোর্ডের জেনার ইনস্টিাটউট ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের টিকা নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠানগুলো।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার পেছনে জেনার ইনাস্টটিউটেরই ছিল প্রধান ভূমিকা। তাদের আর২১/ম্যাট্রিক্স-এম ম্যালেরিয়া টিকা উৎপাদনেও সেরাম রাজি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। টিকাটির এখন চূড়ান্ত পর্বের ট্রায়াল চলছে।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ভারতের পঞ্চম শীর্ষ ধনী সাইরাস পুনাওয়ালা ১৯৬৬ সালে সেরাম প্রতিষ্ঠা করেছিলেন। তার ছেলে আদার পুনাওয়ালা এখন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
সেরামের লাইফ সায়েন্স ইউনিটের প্রধান হচ্ছেন আদারের স্ত্রী নাতাশা।
২০১৯ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাইরাসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রীও দিয়েছিল।
