পশ্চিম তীরে স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর বাড়তে থাকা ক্ষোভের মধ্যেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা।
শনিবারের এ নির্বাচনে ১৫৪টি গ্রাম পরিষদের চার লাখেরও বেশি ভোটারের তাদের প্রতিনিধি বেছে নিতে ভোট দেওয়ার কথা রয়েছে।
চলতি বছরের প্রথমদিকে আইন পরিষদ ও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা থাকলেও তা বাতিল করেছিলেন আব্বাস, তাই পশ্চিম তীরের অধিকাংশ ভোটার তার ওপর ক্ষুব্ধ হয়ে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পশ্চিম তীরে আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত স্বায়ত্তশাসন ভোগ করে। সাধারণত চার থেকে পাঁচ বছর পরপর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
আব্বাসের ফাতাহ পার্টির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া হামাস নির্বাচন বয়কট করেছে। তাই তাদের শাসিত এলাকা গাজা ভুখণ্ডে স্থানীয় নির্বাচন হচ্ছে না।
৮৬ বছর বয়সী আব্বাস রামাল্লাসহ পশ্চিম তীরের প্রধান শহরগুলোর পৌর নির্বাচন স্থগিত করেছেন, এসব ভোট আব্বাসের শাসনের বিষয়ে গণভোট হিসেবে দেখা হতো।
পশ্চিম তীরের বির নাবালা গ্রামে একটি ভোট কেন্দ্রে আহমদ ইসা (২৩) বলেন, “এই নির্বাচনগুলি আইনসভার নির্বাচনের বিকল্প হতে পারে না।”
আইনসভার নির্বাচন ‘তরুণদের জন্য একটি দিগন্ত’ হতে পারে এবং সংস্কারের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, বেইত কাহিল গ্রামের একটি ভোট কেন্দ্রের বাইরে নারী ও পুরুষরা লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন, তাদের কেউ কেউ কোভিড-১৯ ঠেকাতে মাস্ক পরা ছিলেন। বুথের ভেতরে ঢোকার পর তারা ব্যালট পেপারে সিল দিয়ে সেগুলো খামে ভরে বাক্সে ফেলে বের হওয়ার আগে তাদের হাতে অমচোনীয় কালি লাগিয়ে দেওয়া হচ্ছিল।
নির্বাচনপূর্ব মতামত জরিপগুলোতে আব্বাসের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে। তিনি এপ্রিলে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের ভোট দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি নিষেধাজ্ঞার উল্লেখ করে গ্রীষ্মে অনুষ্ঠানের জন্য নির্ধারিত প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন বাতিল করেন। তার এ সিদ্ধান্তে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়।
ওই নির্বাচনে হামাসের কাছে আব্বাসের ফাতাহ পরাজিত হতো, জরিপগুলোতে এমন আভাস ছিল। হামাসসহ আব্বাস বিরোধীদের অভিযোগ, তিনি জেরুজালেমের ভোট বিরোধকে নির্বাচন বাতিল করার অজুহাত হিসেবে ব্যবহার করেছেন। আব্বাস এ অভিযোগ অস্বীকার করেছেন; যিনি এক বছরেরও বেশি সময় ধরে ডিক্রির মাধ্যমে পশ্চিম তীর শাসন করছেন।
মে-তে ইসরায়েলের সঙ্গে ১১ দিনের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। চলতি বছর পশ্চিম তীরের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে হামাস সমর্থকরা জয় পেয়েছে, এটি তাদের পক্ষে সমর্থন বাড়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম নিয়ে রাষ্ট্র গড়তে চায় ফিলিস্তিনিরা। কিন্তু ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে এসব এলাকা দখল করে নেয় তেল আবিব। তারপর পূর্ব জেরুজালেমকে ইসরায়েল তাদের নিজেদের সীমান্তভুক্ত করে নিলেও তা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। ফিলিস্তিন ও ইসরায়েল মধ্যে চলা শান্তি আলোচনা ২০১৪ সালে ভেঙে যায়।
২০০৬ সালে ফিলিস্তিনের শেষ আইনসভা নির্বাচনে হামাস জয় পেয়েছিল। কিন্তু তাদের এই জয় রাজনৈতিক ফাটলের পথ প্রস্তুত করে। ২০০৭ সালে ফাতাহর সঙ্গে স্বল্পস্থায়ী গৃহযুদ্ধের পর হামাস গাজার নিয়ন্ত্রণ নেয় আর তারপর থেকে উপকূলীয় এই ছিটমহলটি তারাই শাসন করে আসছে।
