প্রথম নারী প্রেসিডেন্ট পাওয়ার পথে হন্ডুরাস
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস তাদের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পাওয়ার পথে রয়েছে।
রোববার নির্বাচনের পর অর্ধেকের বেশি ভোট গণনা শেষে বামপন্থি লিব্রে পার্টির সিওমারা কাস্ত্রোকে প্রাথমিকভাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ২০ শতাংশ বেশি ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
ভোট গণনা এখনও চলছে; নির্বাচনী পরিষদ এখনও কাউকে বিজয়ী ঘোষণা করেনি। তবে কাস্ত্রোর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির নাসরি আসফুরা এরই মধ্যে পরাজয় মেনে নিয়ে লিব্রে পার্টির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে আসফুরা বলেছেন, তিনি কাস্ত্রো ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অভিনন্দন পৌঁছে দিয়েছেন।
“এখন আমি জনসমক্ষেই তাকে তার জয় ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস, ঈশ্বর তাকে আলোকিত করবেন ও পথ দেখাবেন যেন তার প্রশাসন হন্ডুরাসের সকল নাগরিকের জন্য সেরা কাজ করতে পারে,” বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও কাস্ত্রোকে অভিনন্দন জানিয়েছেন। ওয়াশিংটন তার (কাস্ত্রো) সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে, বলেছেন তিনি।
কাস্ত্রোর জয় মধ্য আমেরিকার দেশটিতে ১২ বছর ধরে চলা ডানপন্থি ন্যাশনাল পার্টির শাসনের অবসান ঘটাবে।
আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষিত হলে ৬২ বছর বয়সী এ নারী হন্ডুরাসের বিতর্কিত প্রেসিডেন্ট হুয়ান ওরলান্ডো হার্নান্দেজের স্থলাভিষিক্ত হবেন। মাদক পাচারের দায়ে ভাই অ্যান্তোনিও যুক্তরাষ্ট্রে কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর হার্নান্দেজের বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ডানপন্থি এ রাজনীতিক অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
কাস্ত্রো হন্ডুরাসকে ‘মাদক, স্বৈরাচার ও দুর্নীতির অতল গহ্বর’ থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তার স্বামী ম্যানুয়েল জালেয়াও ২০০৬ থেকে তিন বছর হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৯ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি।
বিবিসি লিখেছে, কাস্ত্রো এমন এক সময়ে দেশের শাসনভার হাতে নিতে যাচ্ছেন যখন মধ্য আমেরিকার এ দেশটি সহিংস অপরাধ, মাদক পাচারসহ নানান সমস্যায় বিপর্যস্ত। যুক্তরাষ্ট্র সীমান্তে নিয়মিতই মধ্য আমেরিকা থেকে যে বিপুল পরিমাণ অভিবাসনপ্রত্যাশী গিয়ে হাজির হয়, তারও বড় অংশ থাকে হন্ডুরাসের।
কাস্ত্রোর জয় বহুদূরের দেশ চীনের ক্ষমতাসীনদের মুখেও হাসি ফোটাবে। নির্বাচনে জয়ী হলে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে হন্ডুরাসের সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কাস্ত্রো। তেমনটা হলে তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কমে ১৪তে দাঁড়াবে।
